মিয়ানমার সীমান্ত থেকে উদ্ধার সাতটি বোমা ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত থেকে উদ্ধার করা সাতটি বোমা আকৃতির বিস্ফোরক (আইইডি) গতকাল মঙ্গলবার ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল নাইক্ষ্যংছড়িতে এসব বোমা ধ্বংস করে।
১৫ ও ১৭ নভেম্বর কক্সবাজারের রামু ৫০ বিজিবি ব্যাটালিয়নের আশারতলী বিওপির সদস্যরা মিয়ানমার সীমান্ত থেকে এই সাতটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছিলেন।
৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ বলেন, চট্টগ্রাম সেনানিবাসের ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বোমা বিশেষজ্ঞ দল সীমান্ত থেকে উদ্ধার করা এসব বোমা ধ্বংস করে।
শফিউল আজম আরও বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তজুড়ে আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) সদৃশ আরও বোমা লুকিয়ে থাকতে পারে। এর আগেও নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্ত থেকে বিজিবি সদস্যরা এ রকম আরও ১৪টি বোমা উদ্ধার করেছিলেন। এসব বোমার বিস্ফোরণ হলে প্রাণহানি ঘটতে পারে। তাই সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে।