মিয়ানমারের তিন হাজার ও ১২০ ভারতীয় আটক
অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগে গত আট মাসে তিন হাজারের বেশি মিয়ানমারের নাগরিক ও ১২০ জন ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার সময় সাত হাজার ৩০ জনকে আটক করা হয়। এদের মধ্যে এক হাজার ৮৮২ জন বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক করা ১২০ জন ভারতের নাগরিকের মধ্যে ৫৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। বাকি ৬৪ জনকে থানায় সোপর্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আট মাসে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক হাজার ২২ জনকে আটক করা হয়। এ সময় চোরাচালানের ঘটনায় ২১ হাজার ৪৯ মামলা হয়। আট মাসে সীমান্ত থেকে তিন হাজার ২২৯ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে তিন হাজার ২২৩ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। ছয়জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তপথে অবৈধ পাচারের সময় ৭৬৪ জন নারী-শিশুকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫৬০ জন নারী ও ২০৪ জন শিশু রয়েছে। এ ছাড়া ১৩ জন মানব পাচারকারীকে আটক করা হয়। এ ঘটনায় ২৪০টি মামলা হয়েছে।