মিয়ানমারের দুই বাহিনীর 'মুক্তিপণ-বাণিজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে গত দুই মাসে বাংলাদেশের ২১ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও সে দেশের নৌবাহিনী। একই সময়ে (গত ৩ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর) মিয়ানমারের ওই দুই বাহিনীর গুলি ও মারধরের শিকার হয়েছেন অন্তত ১০ জেলে। ধরে নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে যাঁরা ‘মুক্তিপণ’ দিতে পারেন তাঁদের ছেড়ে দেয় মিয়ানমারের ওই দুই বাহিনী। কক্সবাজারে টেকনাফের স্থানীয় জনপ্রতিনিধি, জেলে পরিবার ও মাছ ধরার ট্রলারমালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

ভুক্তভোগী জেলে ও ট্রলারমালিকেরা বলছেন, নাফ নদীর মিয়ানমারের জলসীমায় চলাচল করা কিছু নৌকার মাঝি সে দেশের বিজিপি ও নৌবাহিনীর ‘দালাল’ হিসেবে কাজ করেন। মাছ ধরার নৌকা বা ট্রলারের জেলেদের ধরে নিয়ে যাওয়ার পর মুঠোফোনের মাধ্যমে ওই ট্রলার বা নৌকার মালিককে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা দালালদের হাতে পৌঁছে দিলে অপহরণ করা জেলেদের ছেড়ে দেওয়া হয়। মুক্তিপণ বাংলাদেশি মুদ্রায় নেওয়া হয়।

এ বিষয়ে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী দীর্ঘদিন ধরে নাফ নদী ও সাগর থেকে জেলেদের অপহরণের মাধ্যমে বাণিজ্য করছে।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, নৌকাসহ বাংলাদেশি জেলে অপহরণ ও জেলেদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে মিয়ানমারের বিজিপিকে ই-মেইল করা হয়েছে। জেলেদের ফেরত চেয়ে পাঠানো ওই ই-মেইলের জবাবে বিজিপি বলেছে, তাদের দেশের তিনটি সীমান্ত ছাউনিতে সন্ত্রাসী হামলায় নয় পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকে রাখাইন রাজ্যে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। ওই অভিযান শেষ হলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এরপরও জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির তৎপরতা অব্যাহত আছে।

 ভুক্তভোগী জেলেরা বলেন, নদী ও সাগরে মাছ ধরার কোনো নৌকা বা ট্রলারকে ধাওয়া দিয়ে ধরতে না পারলে গুলি ছুড়ে মিয়ানমারের বাহিনী। আর ধরে নিয়ে যাওয়ার পর যাঁদের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা সম্ভব হয় না, তাঁদের মিয়ানমারে নিয়ে আটকে রাখা হয়। কাউকে কারাগারে পাঠানো হয়। তাঁরা বলেন, অপহরণ ও গুলির আতঙ্কে সাগর ও নদীতে মাছ ধরতে যাচ্ছেন না টেকনাফের অনেক জেলে। নাফ নদীর বিভিন্ন ঘাটে দেড় মাস ধরে প্রায় ২ হাজার নৌকা নোঙর করে রাখা আছে। শত শত জেলে পরিবার অনাহারে-অর্ধহারে জীবন কাটাচ্ছে।

জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী কয়েকজন বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেছে এমন অভিযোগ তাঁরা পেয়েছেন। কিন্তু মুক্তিপণ দিয়ে জেলেদের ফিরে আসার বিষয়টি তাঁর জানা নেই।

সর্বশেষ ২৭ ডিসেম্বর দুপুরে সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মৌলভীর শীল এলাকায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এফবি জাবিনা খালেদা-১ ট্রলারের ছয় জেলে গুলিবিদ্ধ হন। ট্রলারে থাকা জেলেরা বলেন, মিয়ানমারের নৌবাহিনীর একটি নৌযান বাংলাদেশের জলসীমায় ঢুকে তাঁদের ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ওই নৌযান থেকে ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। ট্রলারমালিক সুলতান আহমদ বলেন, গুলিবিদ্ধ ছয় জেলের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।

টেকনাফের শাহপরীর দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি দিল মোহাম্মদ বলেন, বিজিপির কারণে টেকনাফের জেলেরা আতঙ্কিত। অপহৃত জেলেদের ফিরিয়ে আনা না গেলে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক দূর হবে না।

৩, ৯, ১১ নভেম্বর এবং ৭, ১২ ও ১৩ ডিসেম্বর ছয় দফায় আটটি নৌকার ২১ জেলেকে মিয়ানমারের বিজিপি ও নৌবাহিনী ধরে নিয়ে যায় বলে জানান টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল মোতালেব। তিনি বলেন, এর মধ্যে ১২ ডিসেম্বরে নাফ নদীতে মাছ ধরার সময় দুটি নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি। ওই দিন রাতে নৌকার চার জেলে মোহাম্মদ হোসেন (নৌকার মালিক), মোহাম্মদ ফারুক, আবদুল করিম এবং মোহাম্মদ সাদেককে দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত আনা হয়। দাবি করা টাকা দিতে না পারায় দুই জেলে সাদেক হোসেন ও আক্তার ফারুককে আটকে রেখেছে বিজিপি। বাকি ১৭ জেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

১১ নভেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন নাফ নদীতে মাছ ধরা অবস্থায় জেলে আবদুর রহমান, মো. ইউনুস ও মো. খালেককে ধরে নিয়ে যায় বিজিপি। তাঁদের বাড়ি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায়। তাঁরা পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আবদুল মালেকের নৌকা নিয়ে মাছ ধরছিলেন। তিন জেলেকে ধরে নেওয়ার বিষয়টি বিজিবিকে লিখিতভাবে জানান নৌকার মালিক আবদুল মালেক। তিনি বলেন, ওই জেলেদের এখন পর্যন্ত ফেরত আনা যায়নি।

 এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. নাফিউর রহমান বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় কোস্টগার্ডের টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জেলেদের বাংলাদেশের সীমানার মধ্যে মাছ ধরার জন্য বলা হলেও কেউ কেউ তা অতিক্রম করে মিয়ানমার উপকূলে মাছ ধরছেন। এতে কিছু জেলে অপহরণের শিকার হচ্ছেন।

‘বিজিপির অপহরণ আতঙ্কে নাফ নদীতে নামার সাহস পাচ্ছি না’ বলে জানান টেকনাফের জালিয়াপাড়ার জেলে মোহাম্মদ সেলিম (৩৮)। আরেক জেলে আজম উল্লাহ (৩৬) বলেন, সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরে এই সময় মাছ ধরা পড়ে। কিন্তু এলাকাটি বাংলাদেশের হলেও জেলেরা যেতে পারছেন না। সেখানে গেলে মিয়ানমারের নৌবাহিনী গুলি করে।