মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের হামলা, প্রতিহত করল বিজিবি
বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্তচৌকি (বিওপি) ও টহল দলের ওপর গুলি চালিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। গতকাল বুধবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী থানচির বড়মদক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর সন্ত্রাসীদের প্রতিহত করতে থানচি সীমান্তে অতিরিক্ত বিজিবি ও সেনাসদস্য পাঠানো হয়েছে।
গত রাতে গণমাধ্যমে পাঠানো বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার পর বিওপি ও টহল দলকে সহায়তার জন্য সেনাবাহিনী ছাড়াও বিমানবাহিনীর এফ-৭ বিমান থানচির দুর্গম ওই এলাকায় টহল দিয়েছে। সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সমন্বিত অভিযান শুরু করা হয়েছে।
এর আগে ঘটনার বর্ণনা দিয়ে বিজিবির বান্দরবান সেক্টরের উপ-অধিনায়ক সৈয়দ জহির উদ্দিন মোহাম্মদ বাবর মুঠোফোনে প্রথম আলোকে জানান, জেলা সদর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে বড়মদক সীমান্তচৌকিতে এবং দলিয়নপাড়া সীমান্তচৌকির একটি টহল দলের ওপর গতকাল সকাল নয়টার দিকে সন্ত্রাসীরা আক্রমণ করে। এ সময় বিজিবির সদস্যরাও পাল্টা গুলি চালান এবং মর্টার শেল ছোড়েন। বিজিবির তীব্র প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা কয়েকবার পিছু হটে গেলেও আবার সংগঠিত হয়ে আক্রমণ চালাতে থাকে। এভাবে বেলা একটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।
বিজিবির বান্দরবান সেক্টরের উপ-অধিনায়ক জানান, বড়মদক ও দলিয়নপাড়া সীমান্তচৌকি যোগাযোগবিচ্ছিন্ন দুর্গম এলাকায় হওয়ায় পাল্টা আক্রমণের জন্য দল পাঠিয়ে দ্রুত সাড়া দেওয়া সম্ভব হচ্ছিল না। ১০-১২ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পাল্টা আক্রমণের পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন বিজিবির সদস্য জাকির হোসেন। বিজিবির প্রতি-আক্রমণে সন্ত্রাসীরা পিছু হটলে তাঁকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের সিএমএইচে পাঠানো হয়। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে বিজিবি জানিয়েছে।
সীমান্তে সন্ত্রাসীদের হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এ জন্য যে ধরনের অভিযান প্রয়োজন, তাই চালানো হবে। সেটি কম্বিং (চিরুনি) অভিযান কিংবা যৌথ অভিযানও হতে পারে। ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি আর তৈরি না হয়, সে জন্য আরাকান আর্মি (মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী) দমনে অভিযান চালানো হবে।’
বিজিবির ওপর হামলার বিষয়ে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে বিজিবি অভিযান চালাবে।
দলিয়নপাড়া বিওপি থানচির রেমাক্রি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পড়েছে। ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা বলেন, বিজিবির সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের সময় বড়মদক বিওপির পাশের বড়মদক বাজার, বাজারপাড়া ও নাসালংপাড়ার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। গোলাগুলি বন্ধ হওয়ার পর লোকজন বাড়ি ফিরতে শুরু করেছে।
কারা হামলা করেছে: থানচিতে বিজিবির ওপর হামলার ঘটনার জন্য মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মিকে (এ.এ) দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে তাঁরা কেউ নাম উদ্ধৃত করতে চাননি। এ বিষয়ে বিজিবির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল ইসলাম বলেন, এ.এ নামের সন্ত্রাসী গোষ্ঠী এ হামলা চালিয়েছে, এমনটি তাঁরাও শুনেছেন। বিষয়টি গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তদন্তের জন্য বলা হয়েছে।
কেন আক্রমণ: নাম না প্রকাশের শর্তে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা বলেন, বড়মদক ও তিন্দু এলাকায় সম্প্রতি দুই দফায় ১০টি ঘোড়া আটক করে বিজিবি। এসব ঘোড়া এ.এ বিদ্রোহীদের। ঘোড়া আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা বিজিবির ওপর আক্রমণ করেছে।
ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল ইসলাম ১০টি ঘোড়া আটকের কথা স্বীকার করেন। এসব ঘোড়া কারা এনেছিল, তা জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি। তিনি বলেন, কী কারণে বিজিবির ওপর হামলা হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।