কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগ গতকাল বুধবার জলপাই রঙের বিপুল পরিমাণ পোশাক উদ্ধার করেছে।
স্থলবন্দর সূত্র জানায়, উদ্ধার করা পোশাকের মধ্যে রয়েছে ২০০টি প্যান্ট, ২০২টি শার্ট, ১৮৬টি কাপড়ের ব্যাগ, ৪৫২টি বেল্ট, ৩০টি রেইনকোট, ১৮টি ব্যাগ, ৫০টি টুপি, ১৮টি স্যান্ডো গেঞ্জি, ১২৭টি ব্যাজ, ২৩০টি লুঙ্গি, ১৮৮ জোড়া ফিতা।
টেকনাফ স্থলবন্দরের শুল্ক বিভাগের কাস্টমস সুপার এ এস এম মোশারফ হোসেন বলেন, ২১ মার্চ মেসার্স এ আর ট্রেডিংয়ের আমদানি করা শুঁটকি, তেঁতুলবিচি, লুঙ্গিসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়। এরপর মালামালগুলো খালাস করে বন্দরের গুদামে রাখা হয়। পরে সন্দেহ হলে গতকাল বিকেলে তাঁর নেতৃত্বে বন্দরের গুদামে তল্লাশি চালানো হয়। তিনি বলেন, তল্লাশির সময় এ আর ট্রেডিংয়ের নামে আমদানি করা পণ্যের ভেতরে মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠীর বিশেষ পোশাক পাওয়া যায়।
মালামালগুলো খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি আবদুর রহিম বলেন, এ আর ট্রেডিংয়ের নামে আমদানি করা মালামালগুলো বো অং চাই মারমা নামের এক ব্যক্তির। মালামালগুলো ছাড়িয়ে নিতে গেলে সন্দেহ হওয়ায় তিনি বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে জানান। তিনি জানান, বো অং চাই মারমার বাড়ি বান্দরবানে।
খবর পেয়ে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট তাসকিন রেজা ও টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ কাস্টমসের গুদাম পরিদর্শন করেন।
কাস্টসম সুপার এ এস এম মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা মালামাল কাস্টমসের হেফাজতে আছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিজিবির সদস্যরা রাতে অভিযান চালিয়ে বো অং চাই মারমাকে আটক করেছেন।