কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের ৯ নাগরিকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। দুটি অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে মোট ১৭ হাজার ১০৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে।
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার হ্নীলার চৌধুরীপাড়া ও জালিয়াপাড়ার মধ্যবর্তী স্লুইসগেট এবং সাবরাং চান্দলীপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে হ্নীলা থেকে গ্রেপ্তার করা নয়জন মিয়ানমারের নাগরিক। তাঁদের কাছে ১৬ হাজার ৩০৫টি ইয়াবা বড়ি পাওয়া গেছে।
বিজিবি সূত্র জানায়, নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে গত সোমবার রাতে হ্নীলা সীমান্তচৌকির হাবিলদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে টহল দল চৌধুরীপাড়া ও জালিয়াপাড়ার মধ্যবর্তী স্লুইসগেট এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী মিয়ানমারের নয়জন নাগরিককে আটক করা হয়। পরে তল্লাশি করা হলে তাঁদের কাছে ১৬ হাজার ৩০৫টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
গ্রেপ্তার হওয়া মিয়ানমারের নয়জন হলেন নূর হাসান (২৪), মো. কালাম (২৫), আবু তাহের (২৫), ঈমান হোসেন (৩০), ধলু হোসেন (২৫), নূর হাকিম (১৯), মো. আনোয়ার (৩৫), আবদুল্লাহ (২২) ও নূর হাকিম (২৪)।
অন্যদিকে সোমবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলীপাড়া এলাকায় পুলিশের অভিযান চালিয়ে ৮০০ ইয়াবা বড়িসহ মাহমুদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করে। তাঁর বাড়ি সাবরাংয়ের চান্দলীপাড়া গ্রামে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ ধরা পড়া মিয়ানমারের নাগরিকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ১০ জনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।