ছবি তুলতে গিয়ে গত বৃহস্পতিবার স্টুডিও কর্মীর হাতে ধর্ষণচেষ্টার শিকার হয়েছে ঢাকার সাভারের গেন্ডা এলাকার এক তরুণী। ঘটনার পর ওই তরুণীর ভগ্নিপতি সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ধামাচাপা দিতে স্টুডিওর মালিকের পক্ষ থেকে ওই তরুণীর পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই তরুণী জানান, কর্মস্থলের জন্য বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি রুবী ডিজিটাল স্টুডিওতে গিয়ে ছবি তোলেন। আধা ঘণ্টা পর ছবি নিতে গেলে স্টুডিও কর্মী সুমন ছবি নষ্ট হওয়ার অজুহাতে তাঁকে পুনরায় ছবি তুলতে বলেন। তখন ওই স্টুডিওতে সুমন ছাড়া আর কেউ ছিলেন না। তিনি তাঁর (সুমন) কথামতো ছবি তুলতে স্টুডিওর ভেতরে গেলে সুমন তাঁকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার দিলে সুমন পালিয়ে যান। পরে তিনি বিষয়টি তাঁর আত্মীয়স্বজনসহ স্থানীয়দের জানান।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই মেয়েটির কাছ থেকে ঘটনাটি শুনে তাঁরা ওই তরুণীর স্বজনদের নিয়ে ওই স্টুডিওতে যান। স্টুডিও বন্ধ থাকায় তাঁরা মালিক হযরত আলীর সঙ্গে যোগাযোগ করেন। হযরত আলী সেখানে গেলে লোকজন তাঁকে আটক করে সুমনকে এনে দিতে চাপ দেন। পরে হযরত আলী বিষয়টি সাভার মডেল থানাকে জানালে উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে হযরত আলীকে উদ্ধার করে নিয়ে আসেন।
ওই তরুণীর ভগ্নিপতি জানান, এ ঘটনায় ওই দিন বিকেল তিনটার দিকে তিনি সাভার মডেল থানায় গিয়ে কর্তব্যরত কর্মকর্তা এসআই আরশাদ মিয়ার কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু ওই কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে অভিযোগটি রেখে তাঁকে বিদায় করে দেন। এরপর থেকে গতকাল বিকেল পর্যন্ত পুলিশ আর তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। আর এই সুযোগে হযরত আলী বিষয়টি মীমাংসার জন্য তাঁকে নানাভাবে হুমকি দেন।
তবে হযরত আলী হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
বিষয়টি জানাজানি হলে প্রথম আলোর পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে জানানো হয়। এরপর ওসির নির্দেশে অভিযোগ দেওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর পুলিশ ওই তরুণীর বাসায় যায়।
গতকাল দুপুরে যোগাযোগ করা হলে এসআই আরশেদ মিয়া বলেন, বৃহস্পতিবার এ রকম একটা অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য রেখে দেওয়া হয়েছে। তবে কোনো কর্মকর্তাকে দেওয়া হয়েছে কি না, তাঁর মনে নেই। এসআই ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমি ধর্ষণের চেষ্টার কোনো অভিযোগ পাইনি। লোকজন স্টুডিওর মালিক হযরতকে আটক করে রেখেছে এমন খবর পেয়ে তাঁকে সেখান থেকে নিয়ে আসি।’
ওসি কামরুজ্জামান বলেন, বিষয়টি গতকাল জানার পরই এসআই খালিদ হোসেন মুন্সিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় এসআই খালিদ হোসেন মুন্সি বলেন, ‘আজ বিকেলে অভিযোগটি আমার হাতে আসে। এর পরপরই আমি তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’