মীমাংসা হলেও টাকা পায়নি আহত ছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে মাদ্রাসার উপাধ্যক্ষের পিটুনিতে আহত ছাত্রীর পরিবার এখনো মীমাংসার সিদ্ধান্ত অনুযায়ী অর্থ পায়নি। মীমাংসার সালিসে আহত ছাত্রীকে চিকিৎসা ও সহায়তা হিসেবে ১ লাখ ১৫ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

পিটুনিতে আহত ছাত্রীর নাম কাকলি আক্তার। সে নান্দাইল উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। মাদ্রাসার উপাধ্যক্ষ হোসেন আহমদ তাকে রাস্তায় ফেলে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের তৎপরতা শুরু হয়। পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমানের কাছে ওই ছাত্রীর মা নাদিরা আক্তার লিখিত অভিযোগ দেন।

নান্দাইল থানার এসআই মো. আমিনুজ্জামান জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

অন্যদিকে ইউএনওর কাছে দেওয়া অভিযোগটি তদন্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম। তিনি বলেন, উপাধ্যক্ষ হোসেন আহমদ ওই ছাত্রী নিজেই সড়কে পড়ে আহত হয়েছে বলে দাবি করলেও তদন্তে তিনি এ দাবির সত্যতা পাননি।

ঘটনা মীমাংসার জন্য গত ২৯ আগস্ট মাদ্রাসায় সালিস বৈঠক বসানো হয়। এতে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন। সেখানে চিকিৎসা ও এককালীন সহায়তা হিসেবে ১ লাখ ১৫ হাজার টাকা ছাত্রীর পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদের আগেই ওই অর্থ ছাত্রীর পরিবারকে দেওয়ার কথা। গত বুধবার ছাত্রীর পরিবার জানিয়েছে, তারা কোনো টাকাপয়সা পায়নি। তবে সালিসকারীরা মীমাংসাপত্রে ছাত্রীর মা নাদিরা আক্তারের স্বাক্ষর নিয়েছেন।

সালিসের সভাপতি জালাল উদ্দিন বলেন, উপাধ্যক্ষ ঈদের আগে টাকা জোগাড় করতে না পারায় ছাত্রীর পরিবারকে দিতে পারেনি। টাকার ব্যবস্থা হলেই ছাত্রীর পরিবারকে তা দেওয়া হবে।

থানার ওসি ইউনুস আলী বলেন, এলাকার কিছু লোক ঘটনাটি মীমাংসার জন্য তাঁর কাছে কিছু সময় নিয়েছিল। এখন মীমাংসা না হলে বিকল্প পথ তো খোলাই রয়েছে।

আহত ছাত্রী কাকলির মায়ের অভিযোগ, গত ২১ আগস্ট ক্ষুধায় কাতর কাকলি কাউকে না বলে মাদ্রাসা থেকে বাড়ির দিকে রওনা হয়। তাকে দেখে উপাধ্যক্ষ হোসেন আহমদ যেতে বারণ করেন। কিন্তু কাকলি বারণ শুনেনি। এতে ক্ষুব্ধ হোসেন আহমদ দৌড়ে এসে কাকলির পথ রোধ করে পিটিয়ে অচেতন করে রাস্তায় ফেলে যান। পরে কাকলিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।