মীমাংসার কথা বলে দুজনকে ছেড়ে দিলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের শিকার হয়েও প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে থানায় মামলা করতে পারছে না ভুক্তভোগী নারীর পরিবার। এমনকি দুজনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনপ্রতিনিধির কাছে তুলে দেওয়া হলেও তাঁদের ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঢাকার ধামরাইয়ে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর বাবার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়।
বছর খানেক আগে ধামরাইয়ের বাউখন্ড গ্রামে ওই নারীর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর তাঁর স্বামী বিদেশে চলে যান।
এরপর তাঁর শ্বশুর, শাশুড়ি ও দেবর নানা নির্যাতন শুরু করেন। এ নিয়ে স্বামীর সঙ্গে মুঠোফোনে তাঁর প্রায়ই ঝগড়া হতো।
ওই গৃহবধূর অভিযোগ, শুক্রবার বিকেলেও স্বামীর সঙ্গে তাঁর মুঠোফোনে ঝগড়া হয়। এ নিয়ে শাশুড়ি ও দেবর তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি একাই রাত আটটার দিকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন।
হেঁটে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে একটি নির্জন স্থানে পৌঁছালে বাউখন্ড গ্রামের শহীদুল ইসলাম (২৫) ও শহীদুল ইসলাম (২৬) তাঁর পিছু নেন। একপর্যায়ে তাঁরা অতর্কিতে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাঁর মুখ বেঁধে ফেলেন। এরপর পাশের একটি ধনচে খেতে নিয়ে রাতভর ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারীর এক আত্মীয় জানান, গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে চলে আসার খবর তাঁরা জানতে পেরেছিলেন। কিন্তু রাত ১০টা পর্যন্ত তিনি বাড়িতে না পৌঁছানোয় তাঁরা একাধিক দলে বিভক্ত হয়ে তাঁকে খুঁজতে বের হন।
ভোর চারটার দিকে বাউখন্ড এলাকার একটি ধনচে খেত থেকে তাঁকে উদ্ধার করেন তাঁরা। এর কিছু দূর থেকে দুই ধর্ষককেও আটক করেন। পরে তাঁদের মারধর করে স্থানীয় আমতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম খানের হাতে তুলে দেওয়া হয়।
ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন খান বলেন, ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে দুই ধর্ষককে ছেড়ে দিয়েছেন। তিনি তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।
তবে এই অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মনির বলেন, দুই পরিবারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকায় থানায় মামলার বিষয়টি ঝুলে আছে। তবে তিনি গৃহবধূর ধর্ষণের ঘটনাটি নিশ্চিত করেছেন।
গৃহবধূর অপর এক আত্মীয় বলেন, চেয়ারম্যান ও কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে আইনি সহায়তা পেতে তাঁরা গৃহবধূকে রোববার মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু এরপরও তাঁরা মামলা করতে সাহস পাচ্ছেন না।
গতকাল বুধবার ওই হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, সকালেই গৃহবধূ হাসপাতাল ছেড়েছেন। তিনি ধর্ষণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে কর্তব্যরত সেবিকা আলেয়া বেগম জানান।
জানতে চাইলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু ইউপি চেয়ারম্যানের কারণে গৃহবধূর পরিবার মামলা করতে সাহস পাচ্ছে না। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।