নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন কর্মকর্তার বিরুদ্ধে ‘মিথ্যা মামলায় ফাঁসানো’ ও জমি দখলে ভূমিদস্যুদের সহযোগিতা করার অভিযোগের তদন্ত গতকাল মঙ্গলবার শুরু করেছে জেলা পুলিশের কমিটি। এদিকে বিষয়টি মীমাংসার জন্য অভিযোগকারী আছমা বেগমকে ওসি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকার ওই জমি দেখতে যায়। এ সময় মোস্তাফিজুর রহমান আছমা বেগম, তাঁর মেয়ের জামাই ইউসুফসহ স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন। এ সময় কমিটির অন্য সদস্য নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআ-২) আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। পরে কমিটি সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়।
আছমা বেগম বলেন, সোমবার বিকেলে তাঁকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর বক্তব্য শোনেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
আছমা বেগম অভিযোগ করেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক ওরফে হাসানের মাধ্যমে সোমবার রাতে আমার মেয়ের জামাই ইউসুফকে ফোন করে থানায় যেতে বলেন। কিন্তু আমি তাঁকে রাতে একা যেতে বারণ করেছি। ওসি বিষয়টি দ্রুত মীমাংসা করার জন্য আমাদের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন।’
যোগাযোগ করলে আরিফুল হক বলেন, ‘আছমা বেগমের মেয়ের জামাই ইউসুফ আমার এলাকার ছেলে। তাঁর সঙ্গে মুঠোফোনে আমার কথা হতেই পারে।’ মুঠোফোনে ইউসুফের সঙ্গে কী কথা হয়েছে, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে জানতে চাইলে আমার অফিসে আসতে হবে।’
ওসি সরাফত উল্লাহ বলেন, ‘কাউন্সিলর আরিফুলের সঙ্গে গত দু-তিন দিন ধরে আমার দেখা ও কথা হয়নি। আর আছমা বেগমের পরিবারকে মীমাংসার জন্য হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’