মীর কাসেমের ছেলেকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে আহমেদ বিন কাসেমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী তাহমিনা আক্তার।
তাহমিনা আক্তার প্রথম আলোকে বলেন, মিরপুর ডিওএইচএসের ৭ নম্বর সড়কে তাঁদের বাসায় রাত ১১টার দিকে কলবেল বেজে ওঠে। তিনি দরজা খুলে দিলে সাদাপোশাকের পাঁচজন লোককে দেখেন। তাঁরা জানতে চান, তাঁর স্বামী কোথায়। এ সময় তাঁর স্বামী দরজার কাছে এলে তাঁরা তাঁকে তাঁদের সঙ্গে যেতে বলেন। পরিচয় জানতে চাইলেও ওই ব্যক্তিরা নিজেদের পরিচয় দেননি। তাঁর স্বামী যেতে রাজি না হলে তাঁরা তাঁকে টেনেহিঁচড়ে নিচে নিয়ে যান। তাঁদের সঙ্গে তিনিও (তাহমিনা) নিচে নামেন। ওই পাঁচজন আহমেদ বিন কাসেমকে বড় একটি মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির প্রথম আলোকে বলেন, আহমেদ বিন কাসেমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার কোনো তথ্য তাঁর কাছে নেই। পুলিশ এ নামে কাউকে আটক করেনি।