বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।
হামলায় আহত উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের আহত কর্মী রায়হান, জাহাঙ্গীর, আবদুস কুদ্দুছসহ নয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চন্দ্রঘোনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গুনিয়ায় মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন শাহের পক্ষে প্রচারণা শুরু করেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এ সময় মেয়র পদপ্রার্থী ও দলীয় নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। গণসংযোগের এক পর্যায়ে তিনি পৌরসভার গোচরা চৌমুহনী এলাকায় যান। সেখানে আচমকা হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করা হয়। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় মীর নাছির তাঁর গাড়িতে চড়ে নগরের দিকে চলে যান।
মীর মোহাম্মদ নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গোচরা চৌমুহনী এলাকায় প্রচারণা শুরুর পর স্থানীয় সাংসদ হাছান মাহমুদকে ওই এলাকা দিয়ে যেতে দেখি। তিনি চলে যাওয়ার দেড়-দুই মিনিটের মধ্যে আমাদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীরা চার-পাঁচটি গুলি ছোড়ে। এরপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং নেতা-কর্মীদের লাঠিসোঁটা দিয়ে বেদম পেটায়। এতে আমাদের ১২ থেকে ১৩ জন নেতা-কর্মী আহত হন।’ তিনি আরও বলেন, ‘রাঙ্গুনিয়ায় বিএনপিকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রার্থী নির্ভয়ে প্রচারণাও চালাতে পারছেন না। সেখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ ফারুক বলেন, ‘নাছির সাহেব নেতা-কর্মীদের সহযোগিতায় গাড়িতে উঠে শহরের দিকে যাওয়ার সময় তাঁর গাড়িতে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তিনি চলে যাওয়ার পর আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে।’
অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘আমি রাঙ্গুনিয়া স্কুলের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ওই পথ দিয়ে যাচ্ছিলাম। স্কুলের পৌঁছার আধা ঘণ্টা পর খবর পাই, মীর নাছির সাহেব বক্তৃতা করে চলে গেছেন। তারও এক ঘণ্টা পর আরও খবর পাই, বিএনপির লোকজন তাঁদের প্রচারণা ও বক্তৃতায় আমাদের নেত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছিলেন। যুবলীগের কিছু নেতা-কর্মী ওই এলাকায় গণসংযোগ করতে গিয়ে তা শোনেন। তখন এ নিয়ে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে গন্ডগোলের খবর সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘হামলা বা গুলিবর্ষণের ঘটনা সঠিক নয়। মীর নাছির সাহেব গণসংযোগ করে শহরে চলে গেছেন। তবে প্রচারণা চালানোর সময় দুই পক্ষ মুখোমুখি হলে একটু হাতাহাতির ঘটনা ঘটে।’