মীর হোসেন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় চার যুবককে চাপাতি দিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের নেতা মীর হোসেন ওরফে মীরুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইশরাত জাহান জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।

আদালত পুলিশের পরিদর্শক সোহেল আলম বলেন, শুক্রবার রাতে পাগলা রেলস্টেশন এলাকায় চার যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় দায়ের মামলায় মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় গতকাল পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় মামলার বাদী ইমরান হোসেন আদালতে মীর হোসেনকে রিমান্ড না দেওয়ার জন্য মৌখিকভাবে আবেদন করেন। এ ঘটনায় আদালত ইমরানকে বেলা ১১টা থেকে দুই ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। সোহেল আলম আরও বলেন, এ ছাড়া একটি হত্যা মামলায় মীর হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ওই মামলায় পরে শুনানি হবে।

এলাকার অনেকে জানান, মীর হোসেন ফতুল্লার পাগলা এলাকার নিহত সন্ত্রাসী তোফাজ্জল হোসেন সিকদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও মাদকের কয়েকটি মামলা রয়েছে। তোফাজ্জল হোসেন সিকদারের মৃত্যুর পর পাগলা এলাকা এককভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করেন মীর হোসেন। ওই সময় তাঁর প্রতিপক্ষ হন একই এলাকার সজল বাবুর্চি। ২০০৯ সালে পাগলা রসুলপুর আকনপট্টি এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে সজল বাবুর্চি গ্রুপের সঙ্গে মীর বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘মীর হোসেনের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, মাদকদ্রব্য ও মারামারির বেশ কয়েকটি মামলার খোঁজ পেয়েছি। এসব মামলা সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।’