মীরহাজিরবাগে গুলি করে যুবক হত্যা
রাজধানীর মীরহাজিরবাগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে বিল্লাল হোসেন (২২) নামের এক যুবক খুন হয়েছেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় দুর্বৃত্তরা মীরহাজিরবাগ মাঠে বিল্লালকে গুলি করে পালিয়ে যায়। তাঁর ডান হাতে ও বুকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, বিল্লাল তাঁর মা-বাবার সঙ্গে ১৩৮/২ মীরহাজিরবাগে থাকতেন। তিনি আগে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করলেও কিছুদিন ধরে বেকার ছিলেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর বাসায় খবর আসে যে বৌবাজার মাঠে সন্ত্রাসীরা বিল্লালকে গুলি করেছে। এ সময় বিল্লালের বড় ভাই আল আমিন বউবাজার মাঠে গেলে জানানো হয় যে তাঁকে ফার্মেসিতে নেওয়া হয়েছে।
আল আমিন প্রথম আলোকে বলেন, ফার্মেসি থেকে বিল্লালকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি অভিযোগ করেন, স্থানীয় ফরমার রানা, নাটাই সোহেল ও তাঁর সহযোগীরা কিছুদিন ধরে বিল্লালকে প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
স্ত্রীকে হত্যার অভিযোগ: রাজধানীর মান্ডায় জেসমিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তাঁর স্বামী গাড়ির মিস্ত্রি মো. মহসীনকে আটক করেছে।
পুলিশ জানায়, জেসমিন তাঁর স্বামীর সঙ্গে মুগদা থানার দক্ষিণ মান্ডায় থাকতেন। গত বুধবার বিকেলে ওই বাসা থেকে আহত অবস্থায় জেসমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার পার কাউনিয়ায়। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী মহসীনকে আটক করে। তিনি পুলিশকে জানান, জেসমিন পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।
তবে জেসমিনের বড় বোন ইয়াসমিনের অভিযোগ, মহসীন যৌতুকের জন্য ইয়াসমিনকে হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি জানান, তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করা হতো।