মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরের বটদিয়া গ্রামে গতকাল শুক্রবার প্রতিপক্ষের মারধরে হামেদ মোল্লা (৬০) নামের একজন নিহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা বংশ ও শেখ বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিন মাস আগে শেখ বংশের সিরাজ শেখকে (৭০) মারধর করে মোল্লা বংশের লোকজন। তখন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। পরবর্তী সময়ে নানা রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে গতকাল সকালে তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে শেখ বংশের লোকজন বিকেলের দিকে মোল্লাপক্ষের হামেদ মোল্লাকে মারপিট করে।
গুরুতর অবস্থায় তাঁকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।