মুকসুদপুরে হামলায় আহত ৬, সাসকোর তিন কর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তালবাড়িতে গত মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। তাঁরা যুবলীগের আলোচিত নেতা শেখ আতিয়ার রহমান ওরফে দিপুর মালিকানাধীন সাসকো গ্রুপের কর্মী।
আহত ব্যক্তিরা হলেন আসমা আক্তার, কৈতারী বেগম, দেলোয়ারা বেগম, ইউসুফ কাজী, উজ্জ্বল বিশ্বাস ও হাসান মিয়া। মাথায় রাম দার আঘাতপ্রাপ্ত রিকশাভ্যানচালক ইউসুফ কাজীর অবস্থা গুরুতর। তাঁকে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইউসুফ কাজী অভিযোগ করেন, তাঁরা বেশ কয়েকজন ভূমিহীন মানুষ তালবাড়ি এলাকায় সরকারি জায়গায় বসবাস করেন। শিল্পপার্ক নির্মাণের স্বার্থে ওই জায়গা দখল করতে শেখ আতিয়ার রহমান সন্ত্রাসীদের দিয়ে তাঁদের ওপর হামলা করিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে প্রথমে উজ্জ্বল বিশ্বাসের ওপর হামলা চালানো হয়। তাঁকে রক্ষায় এগিয়ে এলে অন্যরাও হামলার শিকার হন। পরে সেনদিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলায় জড়িত সন্দেহে লিটন, লিটু ও সুসেনকে আটক করা হয়।
আহত ইউসুফ কাজীর ভায়রা সেন্টু শেখ (২৮) বাদী হয়ে গতকাল বুধবার মুকসুদপুর থানায় মামলা করেছেন। এতে যুবলীগের নেতা আতিয়ারসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে সাসকো গ্রুপের জায়গাসংলগ্ন একটি খোলা স্থানে সভা করা হয়। ওই সভায় ভূমিহীনদের ওপর হামলার সিদ্ধান্ত হয়।
সাসকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আতিয়ার রহমান বলেছেন, আটক তিনজন তাঁর প্রতিষ্ঠানের ‘নৈশপ্রহরী’। তবে তিনি দাবি করেন, হামলায় তাঁর পক্ষের কেউ জড়িত নয়। আতিয়ার প্রথম আলোকে বলেন, ওই এলাকার লোকজন নিজেরাই মারামারি করেছে। আর সেখানে কিছু ঘটলেই দুরভিসন্ধিমূলকভাবে তাঁর নাম দেওয়া হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মামলায় শেখ আতিয়ার রহমানকে হুকুমের আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।