মুকুলে ছেয়েছে আমগাছ, ভালো ফলনের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়া অনুকূলে থাকায় নাটোরের নলডাঙ্গা উপজেলার আমগাছগুলো এরই মধ্যে মুকুলে ছেয়ে গেছে। আমচাষিরা পোকামাকড় থেকে এসব গাছ বাঁচাতে বালাইনাশক ব্যবহার করছেন। চাষিরা এবার আমের বাম্পার ফলন হওয়ার আশা করছেন।
সরেজমিনে গত রোববার বিকেলে নলডাঙ্গার বিভিন্ন ইউনিয়নে দেখা যায়, মাধনগর, বাসুদেবপুর, সাধনগর, খাজুরা, বাঁশিলা, সোনাপাতিল, বুড়িরভাগ, মাধবপুর, পীরগাছা, রামশাকাজিপর, পাটুল ও বাঁশভাগ গ্রামের আমগাছগুলোতে এত মুকুল এসেছে যে পাতাই দেখা যাচ্ছে না।
মাধনগর ইউনিয়নের সোনাপাতিল গ্রামের আবদুর রহমান বলেন, মুকুলগুলো যাতে ঝরে না পড়ে, সে জন্য তাঁরা গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন, বালাইনাশক ব্যবহার করছেন। মুকুলের মতো যদি আমগুলোও টিকে যায়, তাহলে এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন আবদুর রহমান।
পিপরুল ইউনিয়নের বাঁশিলা গ্রামের আমচাষি মোবারক হোসেন বলেন, গতবার তাঁর মাঝারি আকৃতির একটা গাছে মুকুল কম আসায় আম পেয়েছিলেন মাত্র ২০ কেজি। এবার ওই গাছ মুকুলে ঢেকে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই গাছ থেকে এবার অন্তত পাঁচ মণ আম পাবেন বলে আশা করছেন তিনি।
বুড়িরভাগের ফজলুর রহমান বলেন, তাঁর এক বিঘা জমিতে ২০টি লকনা জাতের আমগাছ রয়েছে। গতবার গাছগুলোতে তেমন একটা মুকুল ছিল না। আমও হয়েছিল মাত্র ৫ মণ। এবার যেভাবে মুকুল এসেছে, তাতে ৪০ মণ আম হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের তেমন আক্রমণ না হওয়ায় এখন পর্যন্ত মুকুলের ক্ষতি হয়নি। তবে মুকুলে ফুল ফোটার আগে ইমিডাক্লোপরিড অথবা সাইপারমেথ্রিন-জাতীয় কীটনাশক এবং ম্যানকোজের-জাতীয় ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করার পরামর্শ দেন তিনি। এ ছাড়া আমগাছের গোড়ায় সেচ দিতে হবে। সেই সঙ্গে অতিরিক্ত রোদের সময় কীটনাশক স্প্রে করতে নিষেধ করেন তিনি।