মুক্তাগাছা থেকে চারজন গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সোমবার রাতে ময়মনসিংহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারকৃত ব্যক্তিদের ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মুক্তাগাছা উপজেলার বিনোদবাড়ী গ্রামের আবদুস সালাম মুন্সী, আড়াইবাড়ী গ্রামের সুরুজ আলী, সদর উপজেলার ঢোলদিয়া গ্রামের আবদুর রহিম মাস্টার ও নিমতলী গ্রামের জামাল উদ্দিন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মুক্তাগাছার ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, চারজনকে তাঁদের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাকি দুজনের ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য নেই।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।