মুক্তাগাছায় আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ওই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মুক্তাগাছা ও টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এলাকার অনেকের ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর মুক্তাগাছার ঘোগা ইউনিয়নের চানপুর গ্রামে অভিযান চালিয়ে বন বিভাগের গাছ কাটা ও জমি দখলের মামলার আসামি বাবুল ও জুলহাসকে গ্রেপ্তার করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর রহমান ও রেজানুর রহমান।
এ সময় বাবুল ও জুলহাসের স্বজন এবং বন বিভাগের মামলার আরও কমপক্ষে ২০ জন আসামি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে এএসআই শাহীনুর ও রেজুনরকে কুপিয়ে তাঁদের ছিনতাই করেন। এ ঘটনায় ওই রাতেই এএসআই শাহীনুর বাদী হয়ে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে বাবুল ও জুলহাসসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের নামে থানায় একটি মামলা করেন। ১১ ডিসেম্বর চানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া গত শনিবার রাতে আসামিদের গ্রেপ্তারে মুক্তাগাছার রসুলপুর ও মধুপুর বনাঞ্চলে অভিযান চালায় পুলিশ। পরে গতকাল রোববার ভোরে পৃথক পৃথক স্থান থেকে বাবুল, হাবুল, আবদুল, সাজু ও কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ছিনতাই করা অপর আসামি জুলহাস ও পুলিশের ওপর হামলাকারী বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।