মুক্তাগাছায় ছিনতাই হওয়া বাবুলসহ ৫ আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছায় দুই পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই করা আসামি বাবুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা অন্যরা হলেন: হাবুল, আবদুল, সাজু ও কদ্দুস।
আজ রোববার ভোরে মুক্তাগাছার রসুলপুর ও পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলায় বন বিভাগের প্রায় ৭০টি মামলা রয়েছে। ওই সব মামলার আসামিদের ২৫ জন গোগাই ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনুর রহমান ও রেজানুর রহমান ১০ ডিসেম্বর দুপুরে মোটরসাইকেলে চড়ে চানপুর গ্রামে যান। গ্রামে ঢুকে প্রথমে তাঁরা বন বিভাগের মামলার আসামি জুলহাস ও বাবুলকে পেয়ে গ্রেপ্তার করেন। তখন বন বিভাগের মামলার ১৫ থেকে ২০ জন আসামি লাঠিসোঁটা, দা ও রামদা নিয়ে ওই দুই কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। দুই পুলিশ কর্মকর্তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাঁদের আহত করে জুলহাস ও বাবুলকে নিয়ে পালিয়ে যান আসামিরা। স্থানীয় লোকজন আহত দুই এএসআইকে উদ্ধার করেন। পরে মুক্তাগাছা থানা-পুলিশের একটি দল শাহীনুর ও রেজানুরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ওই রাতেই আহত এএসআই শাহীনুর বাদী হয়ে পুলিশের ওপর আক্রমণের অভিযোগে বাবুল, জুলহাসসহ ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের নামে মুক্তাগাছা থানায় একটি মামলা করেন। পরের দিন পুলিশ চানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করে।

মুক্তগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ছিনতাই হওয়া অপর আসামি জুলহাস ও পুলিশের ওপর হামলাকারী বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।