মুক্তাগাছায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার
ময়মনসিংহের মুক্তাগাছা থানার এক উপপরিদর্শক (এসআই) ও চার সহকারী উপপরিদর্শককে (এএসআই) গত শুক্রবার রাতে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে স্থানীয়ভাবে সমালোচনা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশের কর্মকর্তারা হলেন এসআই জাহিদুল ইসলাম, এএসআই জিয়াউর রহমান, রেজাউল করিম, ইমান আলী ও আইনুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ মে রাতে মুক্তাগাছা থানার এসআই জাহিদুলের নেতৃত্বে পাঁচজনের একটি দল পৌর শহরের লক্ষ্মীখোলা এলাকার এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের অভিযোগ এনে টাকা দাবি করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, ওই রাতে পুলিশ প্রবাসীর বাড়িতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। তবে ভুক্তভোগী পরিবার পরবর্তী সময়ে এ বিষয়ে কারও কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, অসামাজিক কাজের অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ ওই রাতে অভিযান চালিয়েছিল। তবে অভিযোগটি ভুল ছিল। পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার করার বিষয়ে তিনি বলেন, টাকা দাবির বিষয়টি মিথ্যা হলেও বিষয়টি নিয়ে যেহেতু স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে, তাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের সাময়িক প্রত্যাহার করেছেন।