মুক্তাগাছায় মহাসড়কে অবৈধ স্ট্যান্ড, যানজটে ভোগান্তি
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শহরের থানা মোড় এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এতে ওই এলাকায় প্রতিদিন যানজট তৈরি হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছে মানুষ।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, থানা মোড় মুক্তাগাছা শহরের ব্যস্ততম এলাকা। ওই এলাকায় অবৈধ অটোরিকশার স্ট্যান্ড হওয়ায় প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ ভোগান্তিতে পড়েন।
মুক্তাগাছা পৌরসভা সূত্র জানায়, নতুন বাজার এলাকার স্ট্যান্ডটি একমাত্র বৈধ বাসস্ট্যান্ড। এ ছাড়া শহরে আর কোনো বৈধ স্ট্যান্ড নেই। অটোরিকশার জন্য নির্ধারিত স্ট্যান্ড না থাকায় মহাসড়কে অবৈধভাবে স্ট্যান্ড গড়ে তুলেছেন চালকেরা।
অটোরিকশার তিনজন চালক বলেন, শহরের ব্যস্ততম এলাকা বলেই ওই এলাকায় তাঁরা যাত্রী তোলেন। প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি বাধা দেওয়া হয় না।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, থানা মোড় এলাকার এক পাশে নাপিতখোলা ও অপর পাশে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক দখল করে দুই পাশে অনেক সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে আছে। নাপিতখোলা এলাকা থেকে কালীবাড়ি, চেচুয়া, মধুপুর ও জামালপুরের উদ্দেশে যাত্রী তোলা হচ্ছে। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রী তোলা হচ্ছে। অটোরিকশার জন্য মহাসড়কের দুই দিকের অংশ দখল হয়ে যাওয়ায় ময়মনসিংহ থেকে টাঙ্গাইল, জামালপুর ও উত্তরবঙ্গগামী বাস ও ট্রাকগুলো ওই এলাকায় এসে যানজটে আটকা পড়ছে। এ ছাড়া শহরের ভেতর চলাচল করা রিকশা ও ভ্যান যানজটে আটকা পড়েছে। মুক্তাগাছার নতুন বাজার এলাকায় স্ট্যান্ড থাকলেও বাসগুলোও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে দীর্ঘ সময় নিয়ে যাত্রী তোলে। এ কারণে যানজটের সৃষ্টি হয়।
একজন বাসচালক বলেন, ‘যাত্রীদের সুবিধার জন্য আমরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী তুলি।’
আবুল কালাম নামের একজন পথচারী বলেন, সিএনজিচালিত অটোরিকশার জন্য প্রতিদিন যানজটে কয়েক হাজার পথচারী ভোগান্তিতে পড়েন। যানজটে আটকা পড়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
পৌরসভার মেয়র মো. শহীদুল ইসলাম বলেন, মাঝে মাঝে পুলিশের সহযোগিতায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন পর আবারও পুরাতন বাসস্ট্যান্ড আর নাপিতখোলা এলাকা দখল করেন চালকেরা। সুবিধামতো জায়গা পেলে অটোরিকশার জন্য স্ট্যান্ড করে দেওয়ার পরিকল্পনা আছে।