মুক্তি পেলেন ছয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গারচরের কাছ থেকে অপহৃত ৩০ জেলের মধ্যে ছয়জন ছাড়া পেয়েছেন। গতকাল শুক্রবার তাঁরা ছাড়া পান।
হাতিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, অপহৃত ৩০ জেলের মধ্যে সুমন মাঝি ও মো. তজু মাঝিসহ ছয়জনকে গতকাল মুক্তি দেয় জলদস্যুরা। তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৩০ হাজার টাকা করে মুক্তিপণ আদায় করা হয়। তিনি বলেন, মুক্তি পাওয়া জেলেরা বলেছেন, ঠেঙ্গারচরের গাঙিরার খালে ২০ জেলেকে মুক্তিপণের জন্য আটকে রাখা হয়েছে। এ ছাড়া আরও চার জেলেকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখেছে দস্যুরা। মুক্তিপণ না পাওয়ায় আটক জেলেদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
হাতিয়া থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, কয়েকজন জেলে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে তিনিও শুনেছেন। তিনি বলেন, অপহৃত অন্য জেলেদের উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত হাতিয়ার ঠেঙ্গারচরের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ৩০ জন জেলেকে অপহরণ করে দস্যুরা।