মুক্তিপণ আদায়ে অপহরণ, মাইকে নিখোঁজ শুনে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মুক্তিপণ আদায়ের জন্য তৃতীয় শ্রেণির ছাত্র হিমেল সিকদারকে অপহরণ করার পর গ্রামের মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা শুনে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজাম মুনীরার আদালতে হত্যার দায় স্বীকার করে দেওয়া জবানবন্দিতে এসব কথা বলেছে।
২১ এপ্রিল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া ওই দুই ব্যক্তি হলো সদর উপজেলার চিনাইর গ্রামের নতুন বাড়ির জয়নাল চৌধুরী (২০), একই গ্রামের আব্বাস উদ্দিন (১৮)।
১৯ এপ্রিল রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের নতুন বাড়ির বাসিন্দা লিল মিয়া শিকদারের ছেলে স্থানীয় উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র হিমেল ওই দিন বেলা আড়াইটার দিকে স্কুল থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। তাকে কেউ অপহরণ করে থাকতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের সূত্র ধরে পুলিশ ২১ এপ্রিল তিনজনকে গ্রেপ্তার এবং তাদের দেওয়া তথ্যানুযায়ী শিশুটির লাশ উদ্ধার করে।