মুক্তিপণ আদায় চক্রের তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় জিম্মি করে দেশে মুক্তিপণ আদায় চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন মুজিবর জমাদ্দার (৪৫), তাঁর স্ত্রী নূরজাহান (৩৯) ও তাঁদের মেয়ের জামাই হান্নান মিয়া (৩২)। সিআইডির সংঘবদ্ধ অপরাধ দমন শাখার একটি দল ২০ এপ্রিল মাদারীপুরের শিবচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে শিবচর থানায় মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া মুজিবর ও হান্নানকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া নূরজাহানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি।

সিআইডির সংঘবদ্ধ অপরাধ দমন শাখার বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, এই তিনজনের বিরুদ্ধে ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে তিনটি সঞ্চয়ী হিসাবে অস্বাভাবিক অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায়। তদন্তে সিআইডি জানতে পারে, এই তিনজনের মধ্যে মূল হোতা মুজিবর জমাদ্দারের ছেলে ও সাত-আটজন স্বজন লিবিয়ায় থাকেন। তাঁরা বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকদের প্রলোভন দেখিয়ে ও নানা কৌশলে জিম্মি করেন। তারপর জিম্মি ব্যক্তিদের দেশে থাকা আত্মীয়স্বজনের কাছ থেকে অর্থ আদায় করেন। গ্রেপ্তার হওয়া তিনজনের ব্যাংক হিসাব থেকে সম্প্রতি প্রায় ৫০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এই তিন হিসাবে থাকা ১৫ লাখ টাকা বাজেয়াপ্ত করে রাখা হয়েছে।

মোল্যা নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন তাঁদের দোষ স্বীকার করেছেন। এই চক্রের সঙ্গে আরও যাঁরা জড়িত আছেন, তাঁদের খোঁজা হচ্ছে।

সিআইডি কার্যালয়ে উপস্থিত কাজী জাহাঙ্গীর আলম নামের এক ভুক্তভোগীর বড় ভাই প্রথম আলোকে বলেন, তাঁর গ্রাম ভৈরবের কমলপুর। তাঁর ছোট ভাই দীপু ইসলাম ছয়-সাত মাস আগে লিবিয়ায় যান। সেখান থেকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে এই চক্রের সদস্যরা তাঁর ভাইকে জিম্মি করেন। এরপর গুলি করে মেরে সাগরে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চান। চক্রের সদস্যদের সরবরাহ করা ব্যাংক হিসাবে গত ১৯ ও ২১ মার্চ দুই দফায় তিনি দুই লাখ টাকা মুক্তিপণ দিয়েছেন। এরপর তাঁর ছোট ভাই দীপু ইসলামকে ছেড়ে দেওয়া হয়। সপ্তাহ খানেক আগে দীপু লিবিয়া থেকে ইতালি গেছেন।