মুক্তিপণ আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মুক্তিপণ আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুর থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার পাগলা এলাকার সাইফুল ইসলাম (২২) ও হযরত আলী (৩৮)।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল বলেন, নরসিংদীর মেহেদী হাসান ওরফে হৃদয় (২১) ও তাঁর প্রতিবেশী সেলিমকে (৪০) ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয় মাস আগে হযরত আলী ও সাইফুল ইসলামের সহায়তায় লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় যাওয়ার পর মেহেদী ও সেলিমকে আটকে রাখেন হযরত আলীর ভাই হারুন ও সাইফুলের ভাই দুলাল হোসেন। ৫ এপ্রিল মেহেদীর মামা জুলহাস মিয়ার মুঠোফোনে ফোন করে দুলাল বলেন, মেহেদী ও সেলিমকে দালালের কাছ থেকে তাঁরা ক্রয় করেছেন। তাঁদের মুক্ত করতে হলে জনপ্রতি ৫০ হাজার টাকা করে দিতে হবে। একই সঙ্গে মেহেদী ও সেলিমকে শারীরিকভাবে নির্যাতন করার ছবিও পাঠানো হয়। জুলহাসকে নারায়ণগঞ্জের পাগলা এলাকায় বসবাসকারী সাইফুল ইসলামের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের টাকা দিতে বলেন দুলাল।
এরপর ২২ এপ্রিল সাইফুলের পাগলার বাড়িতে ৩০ হাজার টাকা দিয়ে আসেন মেহেদীর বাবা মিজানুর রহমান। কিন্তু ওই দিন রাত ১০টার দিকে সাইফুল মুঠোফোনে মিজানুরকে বলেন, দুলাল তাঁকে (সাইফুল) জানিয়েছেন, জনপ্রতি আরও ১ লাখ ৯০ হাজার টাকা করে দিলে মেহেদী ও সেলিমকে মুক্তি দেওয়া হবে। পরে বিষয়টি ফতুল্লা থানার পুলিশকে জানান মিজানুর। পরে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কৌশলে বুধবার দুপুরে সাইফুলের বাড়িতে যায়। এ সময় সাইফুলকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতে হযরত আলীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আটক দুজন বলেন, হারুন ও দুলাল লিবিয়ায় অবস্থান করে বিভিন্ন মানুষকে আটকে রেখে নির্যাতন করেছেন। এরপর নির্যাতিত ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে ৩৩ লাখ টাকা আদায় করেছেন। এ ঘটনায় মেহেদীর বাবা মিজানুর রহমান হযরত আলী, সাইফুল, লিবিয়ায় অবস্থানকারী হারুন ও দুলালকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন।