মুক্তিপণ আদায়ের সময় আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী এক তরুণকে মালয়েশিয়ায় আটকে রেখে দেশ থেকে মুক্তিপণ আদায়ের সময় একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর মালয়েশিয়ায় ওই তরুণকে অপহরণকারী চক্র মুক্তি দিয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই বলেছে, মুক্তিপণ নিতে এসে হাতেনাতে আটক ব্যক্তির নাম রাকিবুল হাসান ওরফে রাতুল (২৬)।

পিবিআইয়ের ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি কলেজে পড়াশোনার পাশাপাশি মামার দোকানে কাজ করেন বাংলাদেশি তরুণ এনামুল হাসান ভূঁইয়া ওরফে কাওসার (২০)। সবজি বাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে গত ২৬ এপ্রিল কাওসারকে অপহরণ করে তাঁরই রুমমেট আলম ওরফে আলমগীরসহ দেশি-বিদেশি অপরাধীদের একটি চক্র। এরপর ঢাকায় কাওসারের বাড়িতে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে কাওসারের চাচা নজরুল ইসলাম ভূঁইয়া ২৭ এপ্রিল যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে তিনি পিবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করে ঘটনাটি জানান। এর মধ্যে মালয়েশিয়ায় অবস্থানরত কাওসারের মামা শামীম আহমেদ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অপহরণকারীদের চার হাজার মালয়েশিয়ান রিঙ্গিত পাঠান। এরপর অপহরণকারীরা ঢাকায় একটি ব্যাংক অ্যাকাউন্টে আরও এক লাখ টাকা পরিশোধের জন্য চাপ দেয়। শেষে গত শনিবার বিকেলে দক্ষিণখান বাজারের সুলতান মার্কেটের পাশের গলিতে টাকা পরিশোধের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাকিবুল হাসান টাকা নিতে এলে তাঁকে হাতেনাতে আটক করা হয়। ঢাকায় রাকিবুল আটক হওয়ার পর মালয়েশিয়ায় কাওসারকে মুক্তি দেয় অপহরণকারীরা। এ বিষয়ে কাওসারের চাচা বাদী হয়ে রাকিবুল, মালয়েশিয়াপ্রবাসী আলমসহ কয়েকজনকে আসামি করে অপহরণের অভিযোগে দক্ষিণখান থানায় মামলা করেছেন।