মুক্তিপণ দিয়ে অপহৃত কৃষককে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের প্রায় ২০ ঘণ্টা পর নাটোর শহরের রেলস্টেশন এলাকা থেকে এক কৃষককে গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ উদ্ধার করেছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর পবা থানার বাতাশমোল্লা গ্রামের কৃষক আবুল কাসেম সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে বাসে করে রাজশাহী ফিরছিলেন। পথে এক বন্ধুর সঙ্গে দেখা করতে নাটোরের মাদ্রাসা মোড়ে নামেন। এ সময় কয়েকজন অপহরণকারী মাদ্রাসা মোড় থেকে জোরপূর্বক তাঁকে সিএনজিচালিত টেম্পোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মুঠোফোনে কাসেমের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর কাসেমের পরিবারের সদস্যরা বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পরিশোধ করেন এবং বিষয়টি পবা থানার পুলিশকে জানান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে নাটোর শহরের স্টেশন এলাকায় মঙ্গলবার অভিযান চালানো হয়। বেলা তিনটার দিকে অপহরণকারীরা কাসেমকে ফেলে রেখে কৌশলে পালিয়ে যায়। পরে কাসেমকে উদ্ধার করে তাঁর দেওয়া তথ্যমতে শহরের আমহাটি এলাকা থেকে অপহরণকারী দলের নারী সদস্য মুন্নি বেগমকে (৩৫) আটক করা হয়। মুন্নি বেগম নাটোর শহরের আমহাটি এলাকার ফরহাদ আলীর স্ত্রী। অপহরণকারী দলের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।