মুক্তিপণ দিয়ে ছাড় পেলেন অপহৃত ব্যাংক কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে অপহৃত হওয়া ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা। আহসান হাবিব নামের ওই ব্যক্তি ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত। গতকাল বুধবার রাতে আহসানকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণের বিনিময়ে গভীর রাতে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। 

মুক্ত হওয়ার পর আহসান হাবিব বলেন, স্ত্রী নিয়ে তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের মোল্লা বাড়ি এলাকায় থাকেন। ভৈরব থেকে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করেন তিনি। গতকাল সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে অফিস থেকে বের হয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি লোকাল বাসে করে তিনি সরাইলের বিশ্বরোড চত্বরে নামেন। সন্ধ্যা সাতটার দিকে ভৈরবের বাসের জন্য অপেক্ষা করছিলেন তিনি। চত্বর থেকে একটু সামনে এগিয়ে আসতেই একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাঁর সামনে দাঁড়ায়। তাঁকে ধরে মুহূর্তের মধ্যে গাড়িতে উঠিয়ে কাপড় দিয়ে চোখ বেঁধে ফেলে কয়েকজন। চলন্ত গাড়িতে লোহার রড দিয়ে প্রচণ্ড মারধরও করা হয় তাঁকে। এ সময় অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা দাবি করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন আহসানকে। পরে ঘটনাটি তিনি পরিবারের লোকজনকে অবহিত করেন।
আহসান হাবিবের স্ত্রী অর্থি বেগম জানান, অপহরণের ঘটনা জেনে প্রথমে তাঁরা র‌্যাব-৯ ভৈরব ক্যাম্প এবং পরে নরসিংদী পুলিশ সুপারকে অবহিত করেন। অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে র‌্যাব অভিযান শুরু করে। একপর্যায়ে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিতে রাজি হওয়ায় তাঁরা মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে ওই টাকা পাঠানোর পর রাত একটার দিকে নারায়ণগঞ্জের তারাব এলাকায় আহসানকে নামিয়ে দেয় অপহরণকারীরা। রাত চারটার দিকে আহসান হাবিব বাসায় ফিরে আসেন। রাতেই তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নরসিংদী পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অপহরণকারীরা ঘন ঘন ঘটনাস্থল পরিবর্তন করেছিল।