মুক্তিপণ দিয়ে ছাত্রদল নেতাকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মুক্তিপণ দিয়ে অপহরণকারীদের হাত থেকে ছাড়া পেয়েছেন ছাত্রদল নেতা শাহিন আলম (৩০)। পুলিশ গত বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলা থেকে তাঁকে উদ্ধার করেছে। এর আগে মঙ্গলবার বিকেলে পূর্বপরিচিত এক বন্ধু মুঠোফোনে ডেকে নিয়ে সুন্দরী নারীর ফাঁদে ফেলে তাঁকে অপহরণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে বগুড়া ডিবি পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম এলাকা থেকে শাহিনকে উদ্ধার করে। এ ঘটনায় শাহিনের বাবা শাহজাহান আলী বাদী হয়ে আলম নামের একজনকে আসামি করে মামলা করেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শাহিন আলম ধুনট উপজেলা চিকাশি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি পশু চিকিৎসক হিসেবে এলাকায় কাজ করেন। তিনি চিকাশি ইউনিয়নের সোনার গাঁ গ্রামের শাহজাহান আলীর ছেলে।
উদ্ধারের পর শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কাজের জন্য শেরপুর উপজেলা শহরে যাই। বিকেল তিনটার দিকে হঠাৎ আলম নামের এলাকার এক বন্ধু মুঠোফোনে আমাকে বগুড়ার বনানীতে ডেকে নেন। সেখানে নিয়ে এক সুন্দরীর সঙ্গে বেড়ানোর কথা বলেন। পরে আমরা দুজন সেই নারীর সঙ্গে একটি মোটরসাইকেলে চড়ে নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট এলাকায় যাই। এ সময় সেখানে সন্ধ্যা হয়ে যায়। হঠাৎ পেছন থেকে আট-দশজন এসে আমাকে জোর করে চোখ বেঁধে একটি মাঠের মধ্যে নিয়ে যায়। পরে সেখান থেকে তারা আমার মুঠোফোন দিয়ে বাড়িতে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই দিন রাতে বাড়ি থেকে তাদের ৩০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা পরে দেওয়ার চুক্তিতে বৃহস্পতিবার বিকেলে তারা আমাকে চোখ বেঁধে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে।’