মুক্তিপণ দিয়ে ফিরেছেন চার জেলে
সুন্দরবনের জলদস্যুরা অপহরণ করার চার মাস পর সাড়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে চারজন জেলে বরগুনার পাথরঘাটায় ফিরে এসেছেন। গতকাল বুধবার তাঁরা পিরোজপুরের মঠবাড়িয়া হয়ে পাথরঘাটায় ফেরেন।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, সুন্দরবনে জলদস্যু ফেরাউন বেল্লাল ওই জেলেদের চার মাস আগে অপহরণ করে। এরপর তাঁদের মুক্তির বিনিময়ে সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এফবি মানিক ও এফবি ভাই ভাই ট্রলারের মালিক বাদশা মিয়া তাঁর জমি বিক্রি করে এবং ওই চার জেলে পরিবারের কাছ থেকে চাঁদা তুলে মুক্তিপণের টাকা জোগাড় করেন।
এরপর জলদস্যুদের দেওয়া বিকাশ নম্বরে ওই টাকা পরিশোধ করা হয়। মুক্তি পাওয়ার পর জেলেরা বাগেরহাটের রায়েন্দা বন্দর হয়ে বলেশ্বর নদ পাড়ি দিয়ে মঠবাড়িয়া হয়ে পাথরঘাটায় পৌঁছান। ওই চার জেলেকে মুক্তি দিয়ে যাতায়াত খরচ বাবদ আট হাজার টাকা দিয়েছে দস্যু বাহিনীর সদস্যরা। ফিরে আসা জেলেদের বাড়ি যশোরের অভয়নগর এবং বরগুনার পাথরঘাটা উপজেলার মঠেরখাল ও হাতেমপুর গ্রামে।
এ ব্যপারে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এম রাহাতুজ্জামানের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।