মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না ব্যবসায়ীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণকারীদের মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দিয়েও বাঁচানো গেল না নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যবসায়ী ইকবাল খানকে (২১)। অপহরণের পাঁচ দিন পর গতকাল সোমবার সকালে উপজেলার চণ্ডীতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা যায়, মুদি ও মনিহারি ব্যবসায়ী ইকবাল খান ১ এপ্রিল রাতে কাঁচপুরের তমিজ উদ্দিন সুপার মার্কেটে নিজের প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। সোনাপুর এলাকায় পৌঁছানোর পর মাইক্রোবাসে করে তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের পর ওই ব্যবসায়ীর স্ত্রী কোহিনূর আক্তারের কাছে মুঠোফোনে তাঁর স্বামীকে ফেরত পেতে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। অপহরণকারীদের দাবি করা এক লাখ টাকা তাদের কথামতো একটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মুক্তিপণ দিয়েও স্বামীকে ফেরত না পেয়ে ৪ এপ্রিল অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অপহরণ মামলা করেন কোহিনূর আক্তার।
ঘটনার পাঁচ দিন পর গতকাল সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চণ্ডীতলায় একটি ডোবায় হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ইকবাল খানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।
কোহিনূর আক্তার প্রথম আলোকে বলেন, ‘অপহরণকারীদের চাহিদামতো মুক্তিপণের এক লাখ টাকা দিয়েও স্বামীকে জীবিত অবস্থায় ফিরে পেলাম না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়ী ইকবাল খানকে হাত-পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য বেহাকৈর গ্রামের জয়নব খাতুন, শান্তা বেগম, আবদুল জলিল, আলা উদ্দিনকে আটক করা হয়েছে।