দালালকে মুক্তিপণ দিয়েও থাইল্যান্ডে পাচার হওয়া ছোট ভাই ও দোকান কর্মচারীকে এখনো ফেরত পাননি ব্যবসায়ী মুহিউদ্দিন।
মুহিউদ্দিনের (৪৫) বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মাতিমপুর গ্রামে। কয়েক বছর ধরে তিনি টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ায় দোকান খুলে ভাঙারির ব্যবসা করে আসছেন। তাঁর ছোট ভাই মাঈন উদ্দিন (২০) ও কর্মচারী শফিউর রহমান (১৬) তাঁকে ব্যবসায় সহায়তা করতেন।
মুহিউদ্দিন বলেন, গত ১৭ মার্চ মাঈন উদ্দিন ও শফিউর রহমান টেকনাফের কাটাবুনিয়া গ্রামে স্ক্র্যাপ কিনতে গিয়ে আর ফিরে আসেননি। ১৭ দিন পর মুঠোফোনে মাঈন উদ্দিন জানান, তাঁদের অপহরণ করে নৌকায় তুলে থাইল্যান্ডে পাচার করে জঙ্গলে আটকে রাখা হয়েছে। সেখানে মুক্তিপণের জন্য তাঁদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। তিন লাখ টাকা না দিলে তাঁদের হত্যা করে লাশ সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে দালালেরা।
মুহিউদ্দিন বলেন, এ কথা শোনার পর ছোট ভাই ও দোকান কর্মচারীকে মুক্ত করতে গত ৫ মে তিনি টেকনাফের দক্ষিণ লেদা গ্রামের মানব পাচারকারী মো. ইউসুফের হাতে তিন লাখ টাকা তুলে দেন। কিন্তু এখনো দুজনকে ফেরত পাননি তিনি। ১১ মে তিনি ইউসুফের বিরুদ্ধে টেকনাফ থানায় অভিযোগ দেন। পরদিন পুলিশ ইউসুফকে গ্রেপ্তার করে। তিনি বলেন, পুঁজি ভেঙে তিনি দালালদের টাকা দিয়েছেন। এখন পুঁজির অভাবে তাঁর ব্যবসাও বন্ধ হয়ে গেছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, দালাল ইউসুফ বর্তমানে কারাগারে। তিনি জানান, মানব পাচার করে অল্প সময়ে ইউসুফ একাধিক গাড়ি ও বাড়ির মালিক হয়েছেন।