মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বাড়িমালিক!
অপহরণের কয়েক ঘণ্টা পর আবদুল আজিজ নামের এক ব্যক্তি মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর পল্টন থেকে অপহৃত হওয়ার পর সন্ধ্যায় তিনি গাজীপুরে ছাড়া পান। আজিজ রাজধানীর বনশ্রী এলাকার একটি বাড়ির মালিক।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার ঘটনাটি নিশ্চিত করে গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আবদুল আজিজ বনশ্রীর এফ ব্লকের একটি ছয়তলা বাড়ির মালিক। গতকাল সন্ধ্যায় তাঁর পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ করেন, আজিজ সকালে পল্টন এলাকায় কাজে যান। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। ওসি বলেন, পরে অপহরণকারীরা আজিজকে গাজীপুরে নিয়ে ছেড়ে দিয়েছে। সেখান থেকে তাঁকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে বলে তিনি শুনেছেন।
ওসি বলেন, পল্টন এলাকা থেকে আজিজকে অপহরণ করা হয়। তাই মামলা হলে সংশ্লিষ্ট থানায় হবে।
যোগাযোগ করা হলে বনশ্রী বাড়ি কল্যাণ মালিক সমিতির দপ্তর সম্পাদক আপেল মাহমুদ বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে পল্টন এলাকার একটি ব্যাংকে যান আজিজ। ওই ব্যাংকের সামনে থেকেই তাঁকে অপহরণ করা হয়। বাড়ি কল্যাণ মালিক সমিতির সহকারী বলেন, তাঁরা শুনেছেন, অপহরণকারীদের টাকা দিয়ে আজিজ ছাড়া পেয়েছেন।