পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর বান্দরবানের লামার ফাঁসিয়াখালী থেকে অপহরণ করা পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। গত শনিবার রাতে পাঁচজনকে রামুর ঈদগাহ বনাঞ্চল এলাকায় রেখে যায় অপহরণকারীরা।
তবে পুলিশ বলেছে, অপহরণকারীরা মুক্তিপণ আদায় করেছে এমন তথ্য তাদের জানা নেই। অভিযানের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দিয়েছে।
গত শনিবার লামার ফকিরাখোলা এলাকায় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলের গতিরোধ করে ফাঁসিয়াখালী মৌজার হেডম্যান মংথুই প্রু মারমার ছেলে মংপ্রু মারমা (২৫) এবং তাঁর সঙ্গে থাকা মংথোয়াই এ মারমাকে (১৭) অপহরণ করে। একই স্থানে একটি ট্রাক থামিয়ে চকরিয়ার ট্রাকচালক জাহাঙ্গীর আলম, চালকের সহকারী রুবেল ও ট্রাকের মালিক নাসির উদ্দিনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
লামা ফাঁসিয়াখালী মৌজার হেডম্যান মংথুইপ্রু মারমা জানান, অপহরণকারীরা মুক্তিপণের জন্য একটি মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি তাঁর ছেলে মংপ্রু ও পাড়াবাসী মংথোয়াই মারমার মুক্তির জন্য সোনার হার বিক্রি করে ও ধার নিয়ে ৬০ হাজার টাকা তাদের দিয়েছেন। এ ছাড়া ট্রাক মালিক, চালক ও সহকারীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ১ লাখ ২০ হাজার টাকা আদায় করেছে অপহরণকারীরা। শনিবার রাত ১০ টার দিকে সন্ত্রাসীরা রামু ঈদগাহ বনাঞ্চল এলাকায় পাঁচজনকে রেখে যায় সন্ত্রাসীরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিবার মুক্তপণ দিয়েছে কি না তা তাদের জানা নেই। মুক্তিপ্রাপ্তদের থানায় নিয়ে আসতে বলা হয়েছে। কিন্তু তাঁরা আসেননি।