মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫৮ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর বঙ্গোপসাগর থেকে অপহৃত ৫৮ জেলে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। গত বৃহস্পতি ও শুক্রবার জেলেরা বরগুনার পাথরঘাটায় ফিরেছেন। জলদস্যুদের কাছে এখনো অর্ধশতাধিক জেলে বন্দী রয়েছেন বলে বরগুনা জেলা ট্রলার মালিক সূত্রে জানা গেছে।
ফিরে আসা জেলে গোলাম মোস্তফা মাঝি ও আলতাফ হোসেন মাঝির বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি গতকাল শনিবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ১৮ থেকে ২০ নভেম্বর টানা তিন দিনে জলদস্যু রাজু ও নয়া ভাই বাহিনী গভীর বঙ্গোপসাগর থেকে তাঁদের অপহরণ করে।
উপজেলা মাঝি সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান মাঝি বলেন, সাগরে ট্রলার ডাকাতির সময় প্রথমেই ওই ট্রলারের মাঝিকে অপহরণ করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে ফিরে আসার সময়ও মাঝিদের সবশেষে মুক্তি দেওয়া হয়। জলিল মাঝি, সেরাজ মাঝি, আবুল মাঝিসহ বেশ কয়েকজন মাঝি ও অর্ধশতাধিক জেলে এখনো জলদস্যুর হাতে বন্দী রয়েছেন।