
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুদের তৎপরতা বেড়ে গেছে। নৌকা ও ট্রলার থেকে চাঁদা আদায়ের পাশাপাশি প্রায়ই জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে তারা।
নাম প্রকাশ না করার শর্তে সুন্দরবনের কয়েকজন জেলে জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বর্তমানে বনদস্যু জাহাঙ্গীর, আলিম ও জনাব বাহিনী তৎপর রয়েছে। সুন্দরবনে নৌকা নিয়ে ঢুকলেই প্রতিটি নৌকার জন্য প্রত্যেক বনদস্যু বাহিনীকে ছয় হাজার এবং ট্রলারের জন্য ১৫ হাজার টাকা দিতে হয়। সুন্দরবনে ঢোকার আগে নূরুল ইসলাম ও আমীর গাজীর মাধ্যমে এসব টাকা পরিশোধ করতে হয়।
জেলেরা আরও জানান, গত বুধবার তাঁরা সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে পাঁচটি নৌকায় ১২ জন কাঁকড়া ধরতে যান। সন্ধ্যায় বনের কাচিকাটায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী তাঁদের পাঁচটি নৌকা আটক করে। এরপর সুন্দরবনসংলগ্ন মীরগাং গ্রামের হাসান আলী গাজীকে জিম্মি করে এক লাখ টাকা দাবি করে। এক সপ্তাহের মধ্যে ওই টাকা বিকাশে পাঠিয়ে দিতে বলা হয়েছে।
সুন্দরবনের ট্রলার মালিক আবদুল বারী জানান, ট্রলার দিয়ে জেলেরা কাঁকড়া ধরার নৌকা টেনে নিয়ে যান সুন্দরবনের নদীতে। একসঙ্গে তাঁরা ১৫ থেকে ৪০টি নৌকা নেন। প্রতিটি নৌকার জন্য জেলেরা তাঁদের এক হাজার টাকা করে দেন। সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে যাওয়া নৌকার জেলেদের অনেক সময় বনদস্যু বাহিনী আটক করে মুক্তিপণ দাবি করে। পরে জেলেদের আত্মীয়স্বজনদের চাপে বনদস্যুদের সঙ্গে সমঝোতা করে মুক্তিপণের টাকা দিয়ে তাঁদের উদ্ধার করতে হয়।
আবদুল বারী আরও জানান, নভেম্বর মাসের শুরুর দিকে তাঁর সঙ্গে সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়া শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের আতা গাজী ও টেংরাখালী গ্রামের জাকির সরদারকে আলিম বাহিনী তুলে নিয়ে যায়। চার দিন আটকে রাখার পর ৯১ হাজার টাকা দিলে তাঁদের মুক্তি দেওয়া হয়। এ ছাড়া চুনকুড়ি গ্রামের জেলে লালমোহন ভাঙ্গী ও ইলশেমারি গ্রামের আল আমিনকে বনদস্যু জনাব বাহিনী কয়েক দিন আগে চালতেবেড়ে এলাকা থেকে ধরে নিয়ে যায়। পরে তাঁরা মুক্তিপণের ৩০ হাজার টাকা পরিশোধ করে ফিরে আসেন।
নাম প্রকাশ না করার শর্তে মুক্তিপণ দিয়ে ফিরে আসা এক জেলে বলেন, তাঁর পরিবারের কাছে দস্যুরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে পারছিলেন না বলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে ৫১ হাজার টাকা দিয়ে তিনি মুক্তি পান।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কেরামত আলী মল্লিক জানান, অপহৃত হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে জেলেদের স্বজনেরা তাঁদের জানান না। সমঝোতা করে টাকা দিয়ে ফিরে আসেন।
সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জেলেরা এ বিষয়ে কোনো অভিযোগ করেন না। তবে জেলেদের অপহৃত হওয়ার পর সুন্দরবন এলাকার কয়েকজন মুক্তিপণের টাকা আদায় করে বলে অভিযোগ আছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।