নাইক্ষ্যংছড়ির বাইশারিতে অপহরণ-বাণিজ্যের সঙ্গে জড়িত ডাকাতদের হালের গরু বিক্রি করে মুক্তিপণ দেওয়ার পর রাবার বাগান থেকে অপহৃত ইমামকে গত বুধবার রাতে মুক্তি দেওয়া হয়েছে।
তবে পুলিশ বলেছে, তাদের অভিযানের মুখে ডাকাতেরা তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
পুলিশ ডাকাত দলের কাউকে গ্রেপ্তার করতে না পারলেও অপহরণ ঘটনার সন্দেহভাজন ডাকাত সর্দার আবদুস সবুরের স্ত্রী বুল্যানি বেগমকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন।
রাবার বাগানের ব্যবস্থাপক আল আমিন বলেন, গত সোমবার রাতে রাবার বাগানের মসজিদের ইমাম রশিদ উল্লাহকে ডাকাতেরা অপহরণ করে। তখন থেকে পরিবারের লোকজনের সঙ্গে ডাকাতেরা টাকার জন্য দর-কষাকষি করছিল। তারপর হালের গরুসহ চারটি গরু বিক্রি করে মুক্তিপণের টাকা দেওয়ার পর রাত দুইটার দিকে বৈদ্যের ঝিড়ি থেকে তাঁকে ছেড়ে দেয়। তবে কত টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে, পরিবারের লোকজন জানাতে চাননি বলে আল আমিন জানিয়েছেন।
বাইশারি ইউপি চেয়ারম্যান মনিরুল হক বলেন, বাইশারিতে কয়েক মাস ধরে চলে আসা অপহরণ-বাণিজ্যের সঙ্গে জড়িত ডাকাতেরা এখন প্রথমে সম্পত্তির জরিপ চালায়। সচ্ছল কোনো পরিবারে স্থাবর সম্পত্তি থাকলে লুটপাট করে নিয়ে যায়। আর অস্থাবর সম্পত্তি থাকলে পরিবারের কাউকে ধরে নিয়ে মুক্তিপণ আদায় করে। শুধু বাইশারি এলাকায় নয়, ডাকাত দলের সদস্যদের চট্টগ্রামেও নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে। তারা চট্টগ্রাম থেকে কৌশলে কাউকে নিয়ে এসে বনাঞ্চলবেষ্টিত পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, রশিদ উল্লাহর মুক্তির জন্য তাঁরা দুর্গম এলাকায় অভিযান চালিয়েছে। পাশাপাশি সবুর ডাকাতের স্ত্রীর মাধ্যমে ফোন করে ছেড়ে না দিলে পরিণতি খারাপ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।