মুক্তিপণ দিয়ে ফিরে এলেন এক জেলে
মুক্তিপণের টাকা দিয়ে গত রোববার এক জেলে ফিরে এসেছেন। তবে টাকা দিতে না পারায় অন্য জেলেকে ছাড়েনি বনদস্যুরা। গত বুধবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কুঞ্চির খাল থেকে বনদস্যু জনাব বাহিনীর সদস্য পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়।
মুক্তিপণের টাকা দিয়ে ফিরে আসা জেলের নাম কামরুল ইসলাম (২৩)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের বাসিন্দা। কামরুল ইসলাম জানান, তিনিসহ ছয়জন গত মঙ্গলবার বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরার একপর্যায়ে বুধবার সন্ধ্যায় কুঞ্চির খাল থেকে জনাব বাহিনীর পরিচয়ে বনদস্যুরা তাঁকে ও একই গ্রামের শহীদুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে তারা মুক্তিপণ বাবদ তাঁদের প্রত্যেকের কাছে ৫০ হাজার করে টাকা দাবি করে। রোববার তিনি মুক্তিপণের ২০ হাজার টাকা দিয়ে বাকি টাকা এক মাসে দেওয়ার অঙ্গীকার করেন। তাঁকে একটি ডিঙি নৌকায় করে লোকালয়ে পাঠিয়ে দেওয়া হয়।