মুক্তিপণ দিয়ে সাগর থেকে ফিরে এল শিশু শামসুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোরপূর্বক টেকনাফ উপকূল দিয়ে দালালেরা মালয়েশিয়া পাচারের জন্য একটি মাছ ধরার ট্রলারে তুলে দিয়েছিল শিশু শামসুল আলমকে (১৩)। এরপর ঠাঁই হলো গভীর সাগরে অপেক্ষমাণ একটি থাইল্যান্ডের পণ্যবাহী জাহাজে। জাহাজে আরও দুই শতাধিক মানুষ এলোমেলোভাবে পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করে শামসুল। প্রথমে ধমক। তারপর মারধর। তাতেও কান্নাকাটি বন্ধ না হলে মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ। তারপর মুক্তিপণ পেয়ে দালালেরা শামসুলকে অন্য একটি মাছ ধরার ট্রলারে করে ফেরত পাঠায় উপকূলে। গতকাল বুধবার এ ঘটনা প্রকাশ পেলে এলাকায় তোলপাড় শুরু হয়।
শামসুল আলম কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ধামনখালী গ্রামের দিনমজুর মোহাম্মদ ইউনুছের ছেলে। চার ছেলেমেয়ের মধ্যে বড় শামসুল উখিয়ার হাজিরপাড়া হেফজখানায় কোরআনে হাফেজ।
শামসুল আলম গণমাধ্যমকর্মীদের জানায়, গত ২৪ আগস্ট তার চাচা ইলিয়াছ জরুরি কাজের বাহানা দিয়ে তাকে বাড়ি থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ নিয়ে যান। সন্ধ্যার পর সাবরাং সৈকতে নিয়ে তিনি একজন লোকের (দালাল) হাতে তাকে তুলে দেন। এরপর আরও নয়জনের সঙ্গে তাকেও একটি মাছ ধরার ইঞ্জিন নৌকায় তুলে দেওয়া হয়। তখন কান্নাকাটি শুরু করলে দালালেরা তাকে মারধর করে। কয়েক ঘণ্টার মধ্যে নৌকাটি গভীর সমুদ্রে অপেক্ষমাণ বড় একটি বিদেশি জাহাজে ভিড়ে। তারপর তাদের ওই জাহাজে তুলে দেওয়া হয়। ওই জাহাজে এলোমেলোভাবে পড়ে থাকে আরও প্রায় ২০০ জন। জাহাজে ১০ জনের মতো বিদেশি লোক ছিল। এদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র। অন্যদের সঙ্গে তাকেও জাহাজের এক কোণায় ফেলে রাখা হয়। দিনে দুই বেলা খাবারের জন্য দেওয়া হতো সামান্য ভাত ও দুটি করে কাঁচা মরিচ।
শামসুল জানায়, জাহাজে তিন দিন অতিক্রান্ত হলে বাবা-মায়ের জন্য কান্নাকাটি শুরু করে। দালালেরা কান্নাকাটি বন্ধ করার জন্য হুমকি-ধকমি দেয়। মারধরও করে। এরপর বমি শুরু করলে (পাঁচ দিন পর) ২৯ আগস্ট সন্ধ্যায় তাকে বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ দেয়। মুঠোফোনে দালালেরা বাবার সঙ্গে কথা বলে। তারপর তাকে একটি নৌকায় করে পুনরায় শাহপরীর দ্বীপ নামিয়ে দেওয়া হয়। ৩০ আগস্ট রাতে তাকে শাহপরীর দ্বীপ থেকে উখিয়ার বাড়িতে ফেরত আনা হয়।
বাবা মোহাম্মদ ইউনুছ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ছেলেকে সমুদ্র থেকে ফেরত আনার জন্য তাঁকে নানা পথে ৩৮ হাজার টাকা খরচ করতে হয়েছে। অন্যথায় সাগরেই ছেলের মৃত্যু হতো। টাকার লোভে চাচা (ছোট ভাই ইলিয়াছ) ভাতিজাকে (শামসুল) দালালের হাতে তুলে দিয়েছিল। আল্লাহর অশেষ রহমত ছিল বলে ছেলেটাকে ফিরে পেয়েছি। প্রভাবশালী দালালের বিরুদ্ধে থানা পর্যন্ত যাওয়ার ক্ষমতা (টাকা) আমার নেই।’
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দীন চৌধুরী বলেন, শিশুটি ফিরে আসায় পরিবারের সদস্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
তবে অভিযুক্ত ইলিয়াছ বলেন, স্বেচ্ছায় শামসুল মালয়েশিয়া যেতে চেয়েছিল। কান্নাকাটি করায় তাকে ফেরত পাঠানো হয়েছে। তিনি মানব পাচারে জড়িত নন।