অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ আহমদকে (২২) হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। অপহরণের চার দিন পর গত শুক্রবার সিলেটের ফেঞ্চুগঞ্জে খালেদের হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। রাতে পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ করে বিয়ানীবাজার থানায় মামলা করা হয়। পুলিশ এ ঘটনায় এক ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, অপহরণ করে মুক্তিপণ না পাওয়ায় খালেদকে হত্যা করা হয়েছে—এ অভিযোগে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন তাঁর বাবা ছল্লুল মিয়া। মামলায় কবির আহমদ নামের এক তরুণকে অপহরণের মূল হোতা উল্লেখ করে পাঁচজনকে আসামি করা হয়।
শুক্রবার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে জকিগঞ্জ থেকে মাহমুদ (৩০) ও বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়ন পরিষদ সদস্য গৌছ উদ্দিনকে গ্রেপ্তার করে। এ দুজনই কবিরের ঘনিষ্ঠজন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ পৌর শহরের দাড়িপাতন পশ্চিমপাড়ার বাসিন্দা ও সিলেট নগরের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ গত ২১ জুলাই থেকে নিখোঁজ ছিলেন। এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকায় সিলেট-গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ লোকজন। গতকাল শনিবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত সড়ক অবরোধ করলে উভয় দিকে যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালে তারা অবরোধ তুলে নেয়।