মুক্তিপণ না পেয়ে সতিনের মেয়েকে হত্যা!

নিখোঁজের এক দিন পর কুমিল্লার চান্দিনা উপজেলার থানগাঁও সেতু–সংলগ্ন এলাকা থেকে সুবর্ণা আক্তার ওরফে মীম (৭) নামের এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুবর্ণার সৎমা ও মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুবর্ণা চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকায় কোরবান আলীর মেয়ে। শিশুটি চান্দিনা ইকরা মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
এ ঘটনায় শিশুটির বাবা চান্দিনা থানায় তাঁর স্ত্রী লাভলী আক্তার(৩০) ও লাভলীর ভাই সালাউদ্দিনের (২৮) বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিকেলে মামলা করেন। গতকাল শুক্রবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর লাভলী ও সালাউদ্দিন পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। ১০ লাখ টাকা মুক্তিপণের দাবি পূরণ না হওয়ায় ওই শিশুকে হত্যা করা হয়।
পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে বাড়ির সামনে খেলা করছিল সুবর্ণা। দুপুর ১২টা থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। পরে বিকেলে এলাকায় মাইকিং করা হয়। মাইকিংয়ের পর সন্ধ্যা সাতটার দিকে সুবর্ণার বাবা কোরবান আলীর মুঠোফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাঁর মেয়েকে জীবিত পাবেন না বলে জানায়। তাত্ক্ষণিকভাবে কোরবান আলী বিষয়টি চান্দিনা থানা–পুলিশকে জানান।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে থানগাঁও সেতু–সংলগ্ন ধানিজমির পাশে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুবর্ণার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে এসে লাশ শনাক্ত করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার রাতেই শিশুটির দাফন হয়।
শিশুটির বাবা কোরবান আলী বলেন, ‘১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় আমার মেয়েকে হত্যা করা হয়েছে।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, কোরবান আলী ছয়টি বিয়ে করেছেন। তাঁর ৬ নম্বর স্ত্রী ও স্ত্রীর ভাই মিলে সুবর্ণাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রাখেন। পারিবারিক সমস্যা থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আজ শনিবার কুমিল্লার আমলি আদালতে আসামিদের হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।