মুক্তিপণ নিয়ে দুই ব্যবসায়ীকে ছেড়ে দিল অপহরণকারীরা
বান্দরবানে আলীকদম উপজেলার ফুট্যামুখ থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে মুক্তিপণ নিয়ে গত সোমবার রাতে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তবে কত টাকা দিয়ে ছাড়া পেয়েছেন তা জানাতে চাননি ওই ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তি পাওয়া ওই দুজনের এক আত্মীয় জানান, দুজনের প্রত্যেকে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।
তবে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। চাপের মুখে সন্ত্রাসীরা দুই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে।
ফিরে আসার পর কাশেম সওদাগর প্রথম আলোকে বলেন, কিছু ম্রো তরুণ তাঁদের নিয়ে গেছে। এদের কয়েকজন পরিচিতও। তারা কয়েকটি স্থানে রাখার পর দোজড়ি বাজারের কাছাকাছি একটি পাহাড় থেকে তাঁদের ছেড়ে দিয়েছেন। সেখান থেকে তাঁরা এক ঘণ্টা হেঁটে বাজারে এসে রাতে আলীকদম উপজেলা সদরে পৌঁছান। কত টাকা মুক্তিপণ দিতে হয়েছে জানতে চাইলে কাশেম সওদাগর বলেন, ‘ওরা সহযোগিতা চেয়েছে। এ জন্য কিছু টাকা দেওয়া হয়েছে।’
গত শনিবার আলীকদম উপজেলা সদর থেকে মাতামুহুরি নদীর উজানে ক্রুকপাতা ঝিরি বাজারে যাওয়ার পথে একদল যুবক কাশেম সওদাগর ও ইসমাইল হোসেনকে ধরে নিয়ে যান।
ওসি আসলাম হোসেন বলেন, মুক্তি পাওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপহরণের ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।