কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার ১৭ ব্যক্তিকে উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা ব্যক্তিরা জানান, জনপ্রতি ৭০ হাজার টাকা করে মুক্তিপণ নিয়ে দালালেরা তাঁদের ছেড়েছেন।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, গতকাল ভোরে বিজিবি উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া থেকে ১৭ ব্যক্তিকে উদ্ধার করে। তাঁরা হলেন: নরসিংদীর রায়পুরার বিলাল হোসেন (২৮), মো. শফিক (২৩), মো. কাজী ইলিয়াস (৫৬) ও কাউসার মিয়া (২২); শিবপুরের মো. রকিব (২২), আসাদ মিয়া (৩০), মো. ইউসুফ (২০), কিরণ মমিন (২১), সোহেল মিয়া (২৩), মো. আলম (৩৫) ও সাহাবুদ্দিন (৩৭); চট্টগ্রামের সাতকানিয়ার আবু বক্কর (২১), শাহজাহান আলী (২৪) ও ইউনুস আলী (২৬); নারায়ণগঞ্জের রূপগঞ্জের মানিক মোদক (২৪) ও নবী হোসেন (২৮); হবিগঞ্জের বানিয়াচংয়ের লোকমান আলী (২৫)। তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।
পুলিশি হেফাজতে থাকা নরসিংদীর আসাদ মিয়া বলেন, তিনি মৎস্য খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় এক দালাল সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তাঁকে কক্সবাজারে এনে ট্রলারে তুলে দেন। পরে দালালেরা মুক্তিপণের জন্য তাঁর বাবাকে ফোন করেন। এরপর তাঁর বাবা ও ভাই ট্রলারে থাকা দালাল হামিদকে মুঠোফোনের মাধ্যমে ৭০ হাজার টাকা দেন। একপর্যায়ে তিনিসহ ১৫ জনকে ছোট একটি নৌকায় তুলে দেওয়া হয়। পরে অন্য স্থান থেকে তাঁদের নৌকায় আরও দুজনকে তোলা হয়। গতকাল রাতে তাঁদের জালিয়াপাড়ার কাছাকাছি নামিয়ে দেওয়া হয়। এরপর বিজিবি তাঁদের উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, উদ্ধার করা যাত্রীরা বলেছেন, ট্রলারে লোকজনকে জিম্মি করে রেখে দালালেরা মুক্তিপণ আদায় করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।