দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নাফিজ নামের এক যুবককে অপহরণের পর পুরান ঢাকার একটি ব্যাংক থেকে মুক্তিপণের টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার হওয়া নারীর নাম আলেয়া বেগম (২৮)। তাঁর কাছ থেকে পাওয়া ৭ লাখ ১৫ হাজার টাকাও জব্দ করা হয়।
সিআইডি জানায়, অপহরণের ঘটনায় মো. নাফিজের পরিবার সম্প্রতি রাজধানীর লালবাগ থানায় একটি মামলা করে। ওই মামলায় আলেয়া বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিআইডি জানায়, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বোন তানিয়া ও ভগ্নিপতির সঙ্গেই থাকেন নাফিজ। ২ জুন তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর অজ্ঞাতপরিচয় একজন তানিয়াকে ফোন করে জানান, নাফিজকে তাঁরা অপহরণ করেছেন, মুক্তিপণ হিসেবে দিতে হবে সাত লাখ টাকা। অপহরণকারীরা বাংলাদেশে ওই টাকা লেনদেন করতে বলেন। সরবরাহ করেন পুরান ঢাকার একটি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর।
সিআইডি জানায়, এ ঘটনায় তানিয়া বাংলাদেশে তাঁর মা ও পরিবারের অন্য সদস্যদের জানান। পরিবার বিষয়টি সিআইডিকে জানায়। এরপর সিআইডির কৌশল অনুযায়ী নাফিজের পরিবার ওই হিসাব নম্বরে সাত লাখ টাকা জমা দেন। কয়েক ঘণ্টা পর ব্যাংকে ওই টাকা তুলতে যান আলেয়া বেগম নামের ওই নারী। টাকা তোলার পরই সিআইডি তাঁকে আটক করে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী প্রথম আলোকে বলেন, আটকের পর আলেয়া জানান, তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকা-প্রবাসী তাজুল ইসলাম তাঁকে টাকা তুলতে ওই ব্যাংকে পাঠিয়েছেন। জমি কেনার জন্য তাঁর স্বামীই টাকাগুলো পাঠিয়েছেন বলে তিনি জানেন। সিআইডির পক্ষ থেকে তাজুলের সঙ্গে যোগাযোগ করা হয়। তাজুল জানান, মহসীন নামে তাঁর এক বন্ধু দক্ষিণ আফ্রিকায় থাকেন। মহসীনই কারও মাধ্যমে বাংলাদেশে তাঁর স্ত্রীর হিসাব নম্বরে সাত লাখ টাকা জমা দিয়েছেন। এর বদলে দক্ষিণ আফ্রিকায় মহসীনকে টাকাগুলো শোধ করার কথা ছিল।
সিআইডি কর্মকর্তা আবদুল্লাহেল বাকী বলেন, ‘ঘটনার যথার্থতা যাচাই-বাছাইয়ের জন্য আমরা তাজুলকে নির্দেশনা দিই মহসীন নামের ওই বন্ধুকে ধরে দক্ষিণ আফ্রিকায় পুলিশে দেওয়ার জন্য।’ শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পুলিশ তাজুল, মহসীন ও ওয়াসিফ নামের মহসীনের আরেক দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সিআইডি ওই জিজ্ঞাসাবাদের তথ্যের অপেক্ষায় আছে।