মুক্তিপণে মুক্তি মিলল ৬ জেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের বনদস্যু আলিম বাহিনীর হাতে অপহৃত হওয়ার ২৩ দিন পর ১২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন ছয়জন জেলে। শুক্রবার দিবাগত রাতে তাঁদের ভারত সীমান্তবর্তী সুন্দরবনের রায়মঙ্গল নদীসংলগ্ন কাছিকাটা স্থানে ডিঙি নৌকায় উঠিয়ে দেওয়া হয়। শনিবার সকালে তাঁরা সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কৈখালি স্টেশনের সিংহড়তলী এলাকায় এসে পৌঁছান।
মুক্তিপ্রাপ্ত জেলেরা বলেন, ২৪ জন জেলে আটটি নৌকায় করে গভীর বঙ্গোপসাগরে এক নম্বর ফেরার বয়া নামক স্থানে ইলিশ মাছ ধরতে গেলে ১৫ অক্টোবর বিকেলে আলিম বাহিনীর পরিচয়ে বনদস্যুরা হামলা চালিয়ে তাঁদের অপহরণ করে নিয়ে যান। পরে মাথাপিছু তিন লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেন। ছয়জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও এখনো ১৮ জন জেলে বনদস্যুদের হাতে জিম্মি হয়ে আছেন বলে জানান ফিরে আসা জেলেরা।
ফিরে আসা জেলেদের মাঝে চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম পুইচুড়ি গ্রামের চন্দ্রলাল দাস, হরিটন দাস ও দুর্বলাল দাসের মুক্তিপণ বাবদ বিকাশের মাধ্যমে নয় লাখ টাকা দেওয়া হয়। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খান্তাকাটা গ্রামের আলম খানের মুক্তির জন্য দেওয়া হয় ১ লাখ ১৭ হাজার টাকা। পটুয়াখালী জেলার কলাপাড়া থানার খাজুরা গ্রামের মোজাম্মেল মোল্যা ও খুলনা জেলার কয়রা থানার ৬নং কয়রা গ্রামের লুৎফর খানের জন্য দেওয়া হয় দুই লাখ টাকা।
জেলেরা জানান, মুক্তিপণের দাবিতে অপহৃত জেলেদের মারধর করা হয় এবং মুঠোফোনে তাঁদের চিৎকার বাড়িতে শোনানো হয়। জেলেদের মহাজন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার শহীদুল ফকির ও চট্টগ্রাম এলাকার ভুবন দাস বনদস্যুদের মুক্তিপণের টাকা দেন।
যোগাযোগ করা হলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, পুলিশের কাছে এখনো কেউ অপহরণ বা মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার অভিযোগ করেননি।