মুক্তিপণের জন্য সুন্দরবনে তিন জেলেকে অপহরণ
পশ্চিম সুন্দরবনের বনদস্যু রেজা-ফরহাদ বাহিনী গত বুধবার সন্ধ্যায় মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুন্দরবন থেকে ফিরে আসা জেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তোফাজ্জল হোসেন ও মলয় মণ্ডল বলেন, ৩০০ নৌকা নিয়ে ৬০০ জেলে বিভিন্ন সময় বন বিভাগের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে সুন্দরবনে ঢুকেছেন। মাছ ধরার একপর্যায়ে বুধবার সন্ধ্যায় কালিন্দি নদীর উলুখালী এলাকা থেকে বনদস্যু রেজা-ফারহাদ বাহিনী শাহজাহান আলী, জহির শেখ ও মাহমুদ আলীর নৌকা থেকে কৈখালী গ্রামের মোস্তাক আহমেদ, ইয়াসিন শেখ ও আনছার আলী গাজীকে তুলে নিয়ে যায়। সুন্দরবনের ঝেটামুখো, উলুখালী ও বকচরায় মাছ ধরার ৩০০ নৌকার প্রতিটি থেকে ৭ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে না দিলে অপহৃত তিন জেলেকে ছাড়া হবে না বলে তারা হুমকি দিয়ে যায়।
কৈখালী স্টেশন কর্মকর্তা এস এম জামাল বলেন, এ ব্যাপারে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি।