মুক্তিপণের টাকা নিতে গিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুস সাত্তার। তিনি রাজশাহীর পুঠিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাঁর বাড়ি পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী গ্রামে।
গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আবদুস সাত্তারকে সাত দিনের রিমান্ডের আবেদনসহকারে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, মামলার অপর আসামি পুঠিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আনারুলের ছেলে সোহেল।
সোহেলের সঙ্গে নাটোরের গুরুদাসপুর উপজেলার হাঁসমাড়ি গ্রামের আমিন উদ্দিনের ছেলে জমিন উদ্দিনের (৪৮) পূর্বপরিচয় ছিল। সেই সূত্র ধরে গত সোমবার সকালে জমিন উদ্দিনের মেয়ের বিয়ের জন্য ছেলে দেখার কথা বলে সোহেল তাঁকে পুঠিয়ায় ডেকে আনেন। জমিন উদ্দিন সরলমনে পুঠিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন সোহেলের ভাড়া বাসায় এলে তাঁকে আটক করা হয়। এ সময় সোহেল, স্বেচ্ছাসেবক লীগের নেতা সাত্তারসহ আরও কয়েকজন এসে জমিন উদ্দিনের কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। দাবি অনুযায়ী, জমিন উদ্দিনের পরিবার পুঠিয়ার সুমন স্টোর নামের একটি দোকানের বিকাশ নম্বরে ৭৪ হাজার টাকা পাঠায়।
বিষয়টি গোপনে জানতে পেরে পুলিশ ওত পেতে থাকে। সোমবার রাত ১০টার দিকে সুমন স্টোরে মুক্তিপণের টাকা তুলতে আসেন পুঠিয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুস সাত্তার। এ সময় পুলিশ টাকাসহ তাঁকে গ্রেপ্তারকরে।
ওসি জানান, আবদুস সাত্তার মুক্তিপণের টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আটক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। রিমান্ডে আনা হলে এই অপহরণকারী চক্রের সদস্যদের পরিচয় জানা যাবে। অপর আসামি সোহেলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।