মুক্তিপণের টাকাসহ ঢাকায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ঢাকায় মুক্তিপণের টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। গতকাল বুধবার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে আকতার হোসেন (২৯) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, আকতারকে গ্রেপ্তারের পর দক্ষিণ আফ্রিকা পুলিশের সহায়তায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
সিআইডি পুলিশ জানায়, দক্ষিণ আফ্রিকায় অপহৃত ওই ব্যবসায়ীর নাম মো. শহীদুল্লাহ। তিনি পরিবার নিয়ে সেখানেই বসবাস করেন। গত ২ জানুয়ারি সেখানে অবস্থান করার সময় কয়েকজন বাংলাদেশি তাঁকে অপহরণ করে। অপহরণকারীরা এরপর শহীদুল্লাহর পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দাবি করেন। এ টাকার জন্য তাঁরা দেশে শহীদুল্লাহর পরিবারকে চাপ দিতে থাকেন। শহীদুল্লার মা মুক্তিপণের পাঁচ লাখ টাকা অপহরণকারীদের হাতে তুলে দেন।
সিআইডির সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা জানান, দক্ষিণ আফ্রিকা পুলিশের কাছ থেকে তথ্য পেয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে মুক্তিপণের তিন লাখ টাকাসহ আকবরকে গ্রেপ্তার করা হয়। সিআইডির জিজ্ঞাসাবাদে আকবর মুক্তিপণ নেওয়ার কথা স্বীকার করেন।
সিআইডি কর্মকর্তারা জানান, আকতার জিজ্ঞাসাবাদে জানান, দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী তাঁর স্ত্রীর বড় ভাই রাজিবের সহায়তার শহীদুল্লাহকে অপহরণ করা হয়েছিল। পুলিশ এ চক্রের সবার নাম-ঠিকানা উদ্ধার করেছে।
দক্ষিণ আফ্রিকাপ্রবাসী শহীদুল্লাহর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে। মুক্তিপণ দেওয়ার পর গত ৩০ জানুয়ারি মানি লন্ডারিং আইনে সোনাইমুড়ী থানায় একটি মামলা করে শহীদুল্লাহর পরিবার।