সিলেট শহর থেকে অপহৃত পাঁচ বছরের শিশু নিয়ামত ইসলাম ওরফে রিফাতকে গত রোববার লালমনিরহাট সদর থানা-পুলিশ উদ্ধার করেছে। এ সময় শিশুটির মুক্তিপণ বাবদ বিকাশের মাধ্যমে আদায় করা ৪২ হাজার টাকাসহ দুই অপহরণকারীকেও গ্রেপ্তার করে পুলিশ। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হাজীপাড়া গ্রামের হজরত আলীর ছেলে স্বাধীন ইসলাম (২৫) এবং একই উপজেলার কুলাঘাট ইউনিয়নের আলোকদীঘি গ্রামের সাইফুল আমিনের ছেলে মিন্টু মিয়া ওরফে সোহাগ (২৬)। অপহৃত শিশুটি সিলেট পিডিবির সাব ঠিকাদার নেছার আহমেদের (৪১) ছেলে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে বলেন, সিলেট কোতোয়ালি থানার বাগবাড়ী কানিশাইল রোডে বাসার সামনে থেকে ১০ মার্চ দুপুরে গ্রেপ্তার হওয়া স্বাধীন তাঁর সঙ্গীদের সহায়তায় নেছার আহমদের সন্তান নিয়ামতকে অপহরণ করেন। এ ঘটনায় নেছার আহমদ প্রথমে সিলেট কোতোয়ালি থানায় তাঁর সন্তান নিখোঁজ মর্মে ১০ মার্চ একটি সাধারণ ডায়েরি করেন। কিন্তু ওই দিন রাতেই একটি মুঠোফোন থেকে নেছার আহমেদের মুঠোফোনে ফোন করে নিয়ামতকে অপহরণ করা হয়েছে বলে জানান। এ সময় সন্তানকে বাঁচাতে হলে চার লাখ টাকা দিতে হবে বলে অপহরণকারী জানান। নেছার আহমেদ দুই লাখ টাকা দিতে রাজি হন এবং ছেলের প্রাণ রক্ষায় আসামির দেওয়া একাধিক বিকাশ নম্বরে মোট ৫০ হাজার টাকা পাঠান।
লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম আরও বলেন, নেছার আহমেদ পরে জানতে পারেন, অপহরণকারী স্বাধীন তাঁর পূর্বপরিচিত। অজ্ঞাতনামা দু-তিনজনকে সঙ্গে নিয়ে স্বাধীন তাঁর ছেলেকে ফুসলিয়ে নিয়ে গেছেন।
ওসি আরও জানান, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেট কোতোয়ালি থানার মাধ্যমে ঘটনার বিবরণ ও আসামিদের ঠিকানা পাওয়ামাত্রই সদর থানা-পুলিশ রোববার দুপুরে অভিযান চালিয়ে হাজীপাড়া গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার ও স্বাধীনকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিন্টুকেও গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট সদর থানায় উপস্থিত নিয়ামতের বাবা নেছার আহমেদ সাংবাদিকদের বলেন, স্বাধীন ও মিন্টু তাঁর ফার্মে শ্রমিক হিসেবে দু-তিন মাস আগ পর্যন্ত কাজ করেছেন।
স্বাধীন ইসলাম বলেন, ‘আমি মিন্টু মিয়া ওরফে সোহাগের পরামর্শে এ অপরাধ করেছি।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমি নিয়ামতকে সিলেট থেকে ঢাকার কমলাপুরের মদিনাবাগে মিন্টুর বাসায় নিয়ে যাই, পরে সেখান থেকে লালমনিরহাটের গ্রামের বাড়িতে শিশুটিকে নিয়ে দুজনেই (স্বাধীন ও মিন্টু মিয়া) আসি।’